সাক্ষাৎকার গ্রহণের প্রথমদিনে বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য ১৩৭ প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে
সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়নপত্র জমাদানকারী মহিলা প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের প্রথম দিনে বুধবার বিএনপি ১৩৭ প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপি সংসদীয় বোর্ডের সদস্যরা দুই দিন সাক্ষাৎকার গ্রহণ করবে। সাক্ষাৎকারের প্রথম দিনে ঢাকা ও খুলনা বিভাগের মোট ১৪৪ জন প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণের কথা ছিল। কিন্তু খুলনা বিভাগের সকল প্রার্থী উপস্থিত থাকলেও ঢাকা বিভাগের ১০৯ প্রার্থীর মধ্যে সাতজন অনুপস্থিত ছিলেন। তাই মোট প্রার্থীর সংখা দাঁড়ায় ১৩৭ জনে।
দুপুর ১২ টা থেকে পাঁচ ঘন্টাব্যাপী সাক্ষাৎকারে সংসদীয় বোর্ড বেশিরভাগ প্রার্থীকেই অপ্রাসঙ্গিক প্রশ্ন করে। অন্যদিকে কয়েকজন গুরুত্বপূর্ণ প্রার্থীর সাথে বোর্ড শুধুমাত্র শুভেচ্ছা বিনিময় করে।
নাম প্রকাশ না করার শর্তে মনোনয়নপ্রার্থী বেশ কয়েকজন নেত্রী বলেন, মন্ত্রী-এমপিদের স্ত্রী, বোন ও আত্মীয়-স্বজনের পরিবর্তে সত্যিকারের নেত্রী ও কর্মীদের সুযোগ দেওয়া উচিত।
বিএনপির সাবেক মহাসচিব আব্দুস সালাম তালুকদারের (মৃত) স্ত্রী মাহমুদা সালাম তালুকদার সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের বলেন, বোর্ড আমাকে কোনও কিছুই জিজ্ঞেস করে নি।
তিনি আরও বলেন, আমরা শুধুমাত্র শুভেচ্ছা বিনিময় করেছি। এছাড়া আমাকে কোনও প্রশ্ন করা হয় নি।
কিশোরগঞ্জ থেকে আগত নিভা রাণী সাহা জানান, মহাসচিব (মান্নান ভুঁইয়া) আমার স্বামীর ব্যাপারে খোঁজ খবর নেন এবং আমার প্রার্থীতা সম্পর্কে তার (স্বামীর) মতামত জানতে চান। তিনি সংখ্যালঘু কোঠায় মনোনয়ন দাবি করেন।
দীর্ঘ ২০ মিনিটের সাক্ষাৎকারে তার পরিবার ও এলাকায় দলীয় কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়।
তিনি আরও বলেন, নির্বাচনের জন্য মনোনীত হলে আমি দলের জন্য কাজ করব বলে বোর্ডকে প্রতিশ্রুতি দিয়েছি। এছাড়াও এলাকায় একটি বালিকা বিদ্যালয় স্থাপনের জন্য আমি তাদেরকে দুই বিঘা জমি দেওয়ার কথা বলেছি।
শেরপুর জেলার মিতা ইসলামও একই ধরনের প্রশ্নের সম্মুখীন হন। প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞাসা করেন তিনি শেরপুর না ঢাকায় থাকেন। এ সময়ে তিনি সংসদীয় বোর্ডকে বলেন, দলের নারী নেত্রীদের কাজ ও অবদানের সঠিক মূল্যায়ন করা হয় না।
কিশোরগঞ্জের রেহানা ভুইয়া লিপি সাক্ষাৎকার দিতে গেলে আইনমন্ত্রী তাকে জিজ্ঞাসা করেন প্রধানমন্ত্রীর কাছে তার কোনও দাবি আছে কিনা। এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীকে আমার ইচ্ছার কথা বলেছি। এরপর মওদুদ সাহেব আমাকে এলাকায় গিয়ে দলীয় প্রচার চালাতে বলেন।
দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক বোরহান আহমেদের স্ত্রী গুলশান আহমেদ জানান, দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। কেননা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার জন্য নির্বাচনী প্রচারাভিযানে কাজ করেছি।
সাবেক ডেপুটি স্পিকার হুমায়ুন রশিদ খান পন্নীর মেয়ে সোনিয়া পন্নিও বুধবার সাক্ষাৎকার প্রার্থীদের কাতারে ছিলেন। বোর্ড তাকে প্রশ্ন করে কেন তিনি মনোনয়ন চান।
উত্তরে টাঙ্গাইল থেকে আগত সোনিয়া বলেন, তিনি দলের সেবা করতে চান এবং এলাকার নারীদের কল্যাণে কাজ করতে চান।
সংসদীয় বোর্ডে এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভুইয়া, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, আরএ গণি, খন্দকার মাহবুব উদ্দিন, মতিন চৌধুরী, তানভির আহমেদ সিদ্দিকী, খন্দকার দেলোয়ার হোসেন, কর্ণেল (অব.) অলি আহমেদ এবং কেএম ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন।
বিএনপি’র জন্য বরাদ্দপ্রাপ্ত ৩০ আসনে মনোনয়ন পাওয়ার জন্য মোট ২৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়।
বৃহস্পতিবার সাক্ষাৎকার গ্রহণের দ্বিতীয় দিন রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অবশিষ্ট ১৪২ প্রার্থী সাক্ষাৎকার প্রদাণ করবে।
