২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইভি রহমানের ১ম মৃত্যুবার্ষিকী: শেখ হাসিনাসহ শোকার্ত মানুষের শ্রদ্ধাঞ্জলি

বিশিষ্ট নারী নেত্রী ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 07:29 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

দলীয় নেতাকর্মী, আত্মীয় স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীসহ সর্বস্তরের শোকার্ত মানুষ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করেন।

আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বিকেলে গুলশানের বাসভবনে আয়োজিত কোরানখানি, মিলাদ মাহফিল ও মোনাজাতে অংশ নেন।

এর আগে আইভি রহমানের স্বামী প্রবীণ আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান এমপি বনানী গোরস্তানে প্রিয় সহধর্মিনীর সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা জানান। সেখানে ফাতেহা পাঠ ও আইভি রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তিনি। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, যুগ্নসম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের নেতাকর্মী ও নিকটাত্মীয়রা এসময় উপস্থিত ছিলেন।

আসর নামাজের পর গুলশানের বাসভবন ‘আইভি কনকর্ডে’ আয়োজন করা হয় মিলাদ মাহফিলের।

শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগ নেতা এএসএইচকে সাদেক, সাবের হোসেন চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আইভি কনকর্ডে দিনভর চলে কোরআনখানি। বিকেলে মিলাদ মাহফিল শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

প্রথম মৃত্যুবার্ষিকীতে নিজ এলাকা কিশোরগঞ্জের ভৈরবেও কোরানখানি, মিলাদ মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়।

গত বছরের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলা ঘটনায় আইভি রহমানসহ ২৩ জন নির্মমভাবে নিহত হন।