২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার থেকে সংরক্ষিত মহিলা আসনে বিএনপির প্রার্থীদের সাক্ষাতকার শুরু

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

শেরে বাংলা নগরে প্রধানমন্ত্রী ভবনে সাক্ষাৎকার গ্রহণের পর বিএনপির পার্লামেন্টারি বোর্ড আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের জন্য দলীয় প্রার্থীর তালিকা চূড়ান্ত করবে।

সাক্ষাৎকার গ্রহণের প্রথম দিন ২৪ আগস্ট বুধবার পার্লামেন্টারি বোর্ড ঢাকা ও খুলনা বিভাগের ১৪৪ জন প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ করবে। ২৫ আগস্ট বৃহস্পতিবার চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগের ১৪২ জন প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হবে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মহিলা প্রার্থীরা ব্যাপক লবিং করছেন। দলীয় মনোনয়ন পেতে ভূমিকা রাখার জন্যে মহিলা প্রার্থীরা দলের নীতি নির্ধারক, সিনিয়র মন্ত্রী ও দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

দলীয় সূত্রে জানা যায়, দলীয় মনোনয়ন পেতে আবেদনপত্র জমাদানকারি ২৮৬ জনের মধ্যে বেশ কিছু ডামি প্রার্থী রয়েছেন। তারা অন্য প্রার্থীর সমর্থনে আবেদনপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে, জাতীয় পার্টি (এরশাদ) ইতোমধ্যে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। জাতীয় পার্টির জন্যে বরাদ্দ রয়েছে দুটি আসন। এ আসন দুটির জন্যে এরশাদের ছোট বোন মেরিনা রহমান ও প্রেসিডিয়াম সদস্য সৈয়দা রাজিয়া ফয়েজকে মনোনীত করা হয়েছে।

নির্র্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ২৭ আগস্ট মনোনয়নপত্র জমা এবং ২৮ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়ন প্রত্যাহারের দিন ১ সেপ্টেম্বর।

দেশে এই প্রথমবারের মতো সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদে দলের আসন অনুপাতে সংরক্ষিত আসন বরাদ্দ করা হয়েছে।

এর মধ্যে বিএনপি ৩০টি, আওয়ামী লীগ ৯টি, জামায়াতে ইসলামী ৩টি, জাতীয় পার্টি (এরশাদ) ২টি এবং অন্যান্য দল একটি আসন পাবে।

আওয়ামী লীগ নির্বাচন বর্জন করায় বিএনপি আনুপাতিক হারে আরও ৬টি আসন পাবে। ৬ সেপ্টেম্বর নির্বাচনের ২১ দিনের মধ্যে আওয়ামী লীগের বর্জনকৃত ৯টি আসনে পুনরায় নির্বাচনের জন্যে তফশিল ঘোষণা করা হবে।