বোমা হামলার সঙ্গে নিজামী জড়িত, রিমান্ড শুনানিকালে মাওলানা ফরিদউদ্দিন মাসউদ
বিমান বন্দর থেকে গ্রেপ্তারকৃত ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মওলানা ফরিদউদ্দিন মাসউদ আদালতে রিমান্ড শুনানিকালে বলেন, জামায়াতে ইসলামী আমাকে ফাঁসিয়েছে। মতিউর রহমান নিজামী এ বোমা হামলার সঙ্গে জড়িত, আমি নই।
মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে বিমান বন্দর থানা পুলিশ সাতদিনের রিমান্ড প্রার্থনা করলে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করা হয।
মাসউদ আদালতে বলেন, আমি সবসময়ই শান্তি শৃঙ্খলার পক্ষে কাজ করেছি। সন্ত্রাসের বিপক্ষে বই লিখেছি। টুইন টাওয়ার দুর্ঘটনার পরও মার্কিন ভিসা পেয়েছি। আমার এখনো ১০ বছরের মাল্টিপোল ভিসা আছে। আমি ষড়যন্ত্রের শিকার।
আদালতে তার পক্ষে রিমান্ড বিষয়ে পূর্ণাঙ্গ শুনানির জন্যে তার আইনজীবীরা সাতদিনের সময় চান। আইনজীবী অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু তার জামিনের প্রার্থনা করে বলেন, বিমান বন্দর থানায় বোমা বিস্ফোরণের এ মামলায় অভিযুক্তের তালিকায় কারো নাম নেই। মাওলানা মাসউদ জামা’আতুল মুজাহিদীনের সদস্য পর্যন্ত নন, তিনি এনজিও’র সঙ্গে যুক্ত এবং ইসলামিক ফাউন্ডেশনের সাবেক কর্মকর্তা।
অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু আরও বলেন, আমরা চাই তদন্তে প্রকৃত অপরাধী বেরিয়ে আসুক। কিন্তু এ রকম তদন্ত চাই না। সরকার শুধু লোক দেখানোর জন্যে এ ধর্মপ্রাণ, সৎ ও শান্তিপ্রিয় মাওলানাকে গ্রেপ্তার করেছে। তাছাড়া তিনি হার্ট ও ডায়বেটিসের রোগি।
রাষ্ট্রপক্ষে এসআই ছাইরুল ইসলাম এ বক্তব্যের বিরোধিতা করে বক্তব্য রাখেন। উভয় পক্ষের শুনানি শেষে মহানগর হাকিম শফিক আনোয়ার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে বলেন, যেহেতু মামলার তদন্ত প্রাথমিক পর্যায়ে এবং অভিযোগটি গুরুতর, তাই এ পর্যায়ে তার জামিনের আবেদন নামঞ্জুর করা হলো। আদেশে তিনি আরও বলেন, তদন্তকারী কর্মকর্তা রিমান্ডে নিয়ে তাকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করবেন। প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করবেন।
