চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিডিআর – বিএসএফ’র নতুন করে গুলিবিনিময়
চাঁপাইনবাবগঞ্জের জিলাবাড়ী সীমান্তে বিডিআর এবং বিএসএফ’র মধ্যে শনিবার সকালে আবারও নতুন করে গুলি বিনিময় হয়েছে। এখনও সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার সারাদিনই উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। ওই দিন একজন বাংলাদেশী গুলিবিদ্ধ হয়।
উভয় পক্ষই সীমান্তে অতিরিক্ত বাহিনীর সমাবেশ ঘটিয়েছে। বিডিআর সূত্র অতিরিক্ত বাহিনী মোতায়েন কথা স্বীকার করেছে ।
শুক্রবার ভাঙ্গন রোধে বিএসএফ মহানন্দা নদীতে বালির বস্তা ফেলতে শুরু করে। বিডিআর তাদের বালুর বস্তা ফেলতে নিষেধ করলে তারা তাতে কর্ণপাত করেনি। এরপর বিডিআরও বালুর বস্তা ফেলতে শুরু করলে বিএসএফ গুলি চালায়। এবং এ থেকেই গোলাগুলির সূত্রপাত হয়।
এর আগে উভয়পক্ষই নদীতে বালুর বস্তা না ফেলার জন্যে রাজি হয়। কিন্তু বিএসএফ এ চুক্তি মানেনি।
শুক্রবার উভয়পক্ষের মধ্যে সারাদিনই বন্দুকযুদ্ধ চলে।
শনিবার সকাল সাড়ে আটটা থেকে আবারও উভয়পক্ষের মধ্যে নতুন করে গুলি বিনিময় শুরু হয়।
বিডিআর সূত্র জানায়, বিএসএফ সীমান্তে অতিরিক্ত সেনা সমাবেশ ঘটিয়েছে।
