২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপের মিশনে ভারতীয় মিডিয়া

বাংলাদেশকে বেকায়দায় ফেলতে উঠেপড়ে লেগেছে ভারতীয় মিডিয়া। মৌলবাদী তৎপরতা বন্ধের কার্যকর উপায় হিসেবে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল এ দেশটির ওপর অর্থনৈতিক অবরোধ আরোপে আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রভাবিত করার চেষ্টা চালানো হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 06:35 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

ভারতীয় মিডিয়া এটি প্রতিষ্ঠিত করতে চায় যে, বাংলাদেশে মৌলবাদ এমন একটা জায়গায় পৌঁছে গেছে, যেখানে বৃহৎ শক্তিগুলোর উচিত উন্নয়নশীল এ দেশটির ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করা।

দ্য টেলিগ্রাফ বাংলাদেশের ৬৩টি জেলায় ১৭ আগস্টের বোমা বিস্ফোরণের ঘটনার উল্লেখ করে দেশটির মৌলবাদের উত্থান সম্পর্কে মন্তব্য প্রতিবেদনে বলেছে, ‘বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করতে দিল্লির উচিত দাতা দেশগুলোকে প্রভাবিত করা’।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থা বাংলাদেশে বোমা হামলায় জড়িত জঙ্গি সংগঠনসহ সকল ইসলামী মৌলবাদী গ্রুপের তৎপরতা বন্ধ করতে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারকে চাপ প্রয়োগের জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছে।

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গোয়েন্দা সংস্থার বিস্তারিত আলোচনায় ও ১৭ আগস্টের বোমা বিস্ফোরণের বিশ্লেষণে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত ভারত বিরোধী বিভিন্ন জঙ্গি সংগঠনের ওপর দৃষ্টি রাখা হয়েছে।

বিস্ফোরণের পর প্রাপ্ত প্রাথমিক ফলাফল থেকে দেখা গেছে, বাংলাদেশের মোট ৬৪ জেলার মধ্যে একমাত্র মুন্সীগঞ্জ ছাড়া সবক’টি জেলাতেই বাংলাদেশের স্থানীয় সময় বুধবার কমপক্ষে ৩৭০টি বোমার বিস্ফোরণ ঘটে।

আরও বলা হয়, এই প্রথমবারের মত বাংলাদেশে বোমা হামলার লক্ষ্য হিসেবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে বেছে নেয়া হয়। বাংলাদেশের ইতিহাসে মৌলবাদীদের এই প্রথম এত বৃহৎ ও সুসংগঠিত তৎপরতা লক্ষ্য করা গেল। প্রতিবেদনের ভাষায়, হামলাগুলো ছিল সুসংগঠিত আর সংগঠিত হওয়ার মাত্রাই প্রকাশ করে, এর সাথে একাধিক মৌলবাদী সংগঠন জড়িত।

প্রতিবেদনে বলা হয়, খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের নমনীয়তা ও অপরাধ দমনে দুর্বল অবস্থানের কারণেই জঙ্গি সংগঠনগুলো বিকশিত হতে পেরেছে। আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে সরকার মৌলবাদী সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ করতে যাতে কোন পদক্ষেপ না নেয়, এই হামলার মাধ্যমে সংগঠনগুলো সরকারকে সেকথাই জানান দেয়।

এতে বলা হয়, বোমা হামলার স্থানগুলো থেকে জামা’আতুল মুজাহিদীন নামের নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের লিফলেট পাওয়া গেছে। ২০০৩ সালে সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়। সৌদি আরব ভিত্তিক বেসরকারি সংস্থা আল-ফালাহ আজম উন্নয়ন সংস্থার অর্থায়নে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় রাজশাহী, জয়পুরহাট, রংপুর ও দিনাজপুর জেলায় সংগঠনটি বেশ সক্রিয়।

প্রতিবেদনে বলা হয়, ২০০৪ সালের আগস্টে ঢাকায় অপর এক বিস্ফোরণের ঘটনায় ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা ‘র’ জড়িত ছিল বলে সে সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সন্দেহ করা হয়েছিল। সে সময় ভারতের সমালোচনাও করেছে বাংলাদেশ সরকার।

বাংলাদেশে বিভিন্ন বিস্ফোরণের ঘটনা ও এর বিশ্লেষণের প্রেক্ষিতে খালেদা সরকারকে জঙ্গিবাদী তৎপরতা নিয়ন্ত্রণ করতে দিল্লি যখন চাপ দিচ্ছে, ঠিক তখনই ভারতের কোন গণমাধ্যমে এরকম একটি প্রতিবেদন প্রকাশিত হল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রী নটবর সিংয়ের চলতি মাসের প্রথম দিকে ঢাকায় তিন দিনের শুভেচ্ছা সফরকালে সিং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খানের সাথে বৈঠকে বাংলাদেশে জঙ্গি তৎপরতার বিষয়টিও তোলেন।

অর্থনৈতিক অবরোধ আরোপ করতে ভারতের সক্রিয়ভাবে কাজ করা উচিত বলে পত্রিকাটি মন্তব্য করেছে। প্রতিবেদনের ভাষায়, বাংলাদেশের ওপর অর্থনৈতিক অবস্থা নাজুক বিধায় মৌলবাদী তৎপরতা দমনে সামরিক হামলার চেয়ে অর্থনৈতিক অবরোধ অনেক বেশি কার্যকর হবে। অর্থনৈতিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের ওপর বাংলাদেশ যে অতিমাত্রায় নির্ভরশীল সে কথাটিও প্রতিবেদনে উল্লেখ করা হয়।