২১ আগস্ট নগরীতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে
২১ আগস্ট বিরোধী দলের কর্মসূচি নির্বিঘ্ন করতে সরকার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, এজন্যে রাজধানীর বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত পুলিশ, র্যাব ও আনসার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি বুঝে বিডিআর সদস্যদেরও মোতায়েন করতে পারে।
এছাড়া একাধিক সামরিক-বেসামরিক গোয়েন্দা সংস্থার নজরদারি থাকছে।
পুলিশ কমিশনার মিজানুর রহমান বিডিনিউজকে জানান, ২১ আগস্টে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। নগরীর বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে মোতায়েন করা হবে পুলিশ, দাঙ্গা পুলিশ ও আনসার।
তিনি জানান, এছাড়া নিয়মিত পুলিশ টহল ছাড়াও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট বসানো হবে আরো কিছু চেক পোস্ট।
নাম প্রকাশে অনিচ্ছুক র্যাবের একজন শীর্ষ স্থানীয় কর্মকর্তা বিডিনিউজকে জানান, ২১ আগস্ট তাদের পক্ষ থেকেও নেয়া হচ্ছে অতিরিক্ত সতর্কতা। র্যাবের ডগ স্কোয়াড, টহল দল ও চেকপোস্ট মোতায়েন করা ছাড়াও তল্লাশি অভিযান চালানো হবে।
বিডিআর’র একজন উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পেলে তারাও রাজপথে গ্রহণ করবেন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে আওয়ামী লীগের একটি সূত্র জানায়, সরকারি নিরাপত্তা ব্যবস্থা থাকলেও তাদের দলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। দলের একাধিক সেচ্ছাসেবক এ জন্যে দলীয় কর্মসূচিস্থল ছাড়াও রাজপথে থাকছে।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সভানেত্রী ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ২১ আগস্ট সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি ফলক উদ্বোধন করবেন।
দলের পক্ষ থেকে বিকেল ৫টা ২২মিনিটে সারাদেশে একযোগে বের করা হবে সন্ত্রাস বিরোধী র্যালি। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ৫টা ২২মিনিটে র্যালি শুরু হয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে শেষ হবে। সেখানে আলোক প্রজ্জ্বলন শেষে নেওয়া হবে শপথ।
