২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ থেকে পলায়ন ঠেকাতে জিয়ায় ও সীমান্ত স্থল বন্দরগুলোতে জঙ্গীবাদীদের ১৫ শীর্ষ নেতার ছবি

বুধবারের ভয়াবহ বোমা হামলার পর জামা’আতুল মুজাহেদীনসহ চারটি জঙ্গী সংগঠনের মোট ১৫ জন উগ্রপন্থী শীর্ষ নেতা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরসহ সবগুলো স্থল বন্দরে তাদের ছবি পাঠিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 08:08 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

জামা’আতুল মুজাহেদীনের আধ্যাত্মিক নেতা আবদুর রহমানসহ এ তালিকায় অন্যান্যের মধ্যে রয়েছেন-সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই, হরকাতুল জেহাদের এক সময়ের মুখপাত্র ‘জাগো মুজাহিদ’ এর বার্তা সম্পাদক মঞ্জুর আহমেদ এবং ময়মনসিংহের ভালুকার একটি মাদ্রাসার শিক্ষক মওলানা আবদুর রউফ।

সূত্র আরও জানায়, সিরিজ বোমা হামলার পর রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জামা’আতুল মুজাহেদীনের নামে যেসব ইমেইল পাঠানো হয়েছে তা খতিয়ে দেখার জন্য ঢাকা থেকে একটি দল সেখানে যাবে।

এদিকে জামা’আতুল মুজাহেদীনের সাথে জড়িত সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা এক শিক্ষককেও পুলিশ খুঁজছে।

নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা সূত্র জানায়, ওই শিক্ষক দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন এবং কিছুদিন আগে বাংলাদেশে এসে চট্টগ্রামে অবস্থান নেন। তবে ওই শিক্ষকের নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করে গোয়েন্দা সূত্র।

এদিকে শুক্রবারও রাজধানীর বিভিন্ন সন্দেহভাজন স্থানে গোয়েন্দা কর্মকর্তারা হানা দিয়েছে। একটি সূত্র জানায়, শুক্রবার বংশালে অবস্থিত আহলে হাদিসের একটি অফিসে গোয়েন্দা কর্মকর্তারা হানা দিলেও কাউকে আটক বা কোন আপত্তিকর বই বা লিফলেট উদ্ধার করতে পারেনি।

মওলানা আবদুর রউফকে ধরতে একটি দল ভালুকায় গেছে বলেও সূত্র জানায়।

বুধবার ৬৩ জেলার প্রায় ৩০০ স্থানে একই সময়ে প্রায় ৫০০ বোমা বিস্ফোরণ ঘটে। ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে একজন রিকশাচালক এবং সাভারে এক শিশু নিহত হয়। আহত হয় দেড় শতাধিক।