সুমন হত্যা ক্রসফায়ারের নতুন সংস্করণ: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করায় তীব্র ক্ষোভ প্রকাশ ও নিন্দা জানিয়ে বলেছেন, এটি ‘ক্রস ফায়ার’ এর নতুন সংস্করণ।
শুক্রবার এক বিবৃতিতে সুমন হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের যথাযথ শাস্তি দাবি করে বিরোধী দলীয় নেতা ভবিষ্যতে এ ধরণের অপরাধ থেকে বিরত থাকার জন্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করে সুমন হোসেন তার ৬০ নম্বর ওয়ার্ড এলাকায় জাতির জনকের শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালণ করেছে। একারণে সে তাদের চক্ষুশূলে পরিনত হয়। সরকারি দলের নির্দেশে পুলিশ বৃহস্পতিবার রাতে তার বাড়ি ঘেরাও করে তাকে ধাওয়া করে। এক পর্যায়ে সাদা পোশাকে অবস্থানরত পুলিশ তাকে ধরে অমানবিক নির্যাতন চালিয়ে হত্যা করে।
শেখ হাসিনা বলেন, সুমনকে হত্যার পর পুলিশ তাকে বিদ্যুতের তারে জড়িয়ে রেখে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর কাহিনী সাজিয়েছে।
বিবৃতিতে বিরোধী দলীয় নেতা সুমনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানান।
অপর এক বিবৃতিতে শেখ হাসিনা দলের নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা নেতা ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবু তাহেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
