২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামাআতুল মোজাহেদীন, হিজবুত তৌহিদ নয়, ইরাকভিত্তিক জঙ্গী গ্রুপ ‘আল তৌহিদ’র আস্তানা খোঁজের নির্দেশ দিয়েছিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

জামাআতুল মোজাহেদীন, হিজবুত তৌহিদ বা অন্য কোন জঙ্গী সংগঠন নয়, গত জুলাই মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইরাক ভিত্তিক একটি জঙ্গী গ্রুপ ‘আল তৌহিদ’ এর নেটওয়ার্ক ঢাকায় আছে-এমন শংকা প্রকাশ করে তাদের আস্তানা খুঁজে বের করতে র‌্যাব, গোয়েন্দা বিভাগ এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাসমূহেকে নির্দেশ দেয়। অত্যন্ত গোপনে এই নির্দেশ জারি করা হয়।

আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 07:02 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

নির্দেশে বলা হয় ইরাক ভিত্তিক এই সংগঠনটি রাজধানীর মিরপুরে তাদের আস্তানা গেড়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া ত্রিপুরা ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন এনএলএফটি (ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা) এর ব্যাপারেও হুশিয়ারি জারি করে মন্ত্রণালয়। এ তথ্য র‌্যাব গোয়েন্দা বিভাগের উর্ধ্বতন এক কর্মকর্তার।

কিন্তু এরই মাঝে ঘটে গেছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহতম বোমা আক্রমণ। যাতে প্রাণ হারিয়েছে এক শিশুসহ দুইজন আহত হয়েছে দেড় শতাধিক।

“আমরা মিরপুর এলাকায় ব্যাপক অনুসন্ধান চালিয়ে তাদের কোন আস্তানা বা নেটওয়ার্কের অস্তিত্ব খুজে পাই নাই,” নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বিডিনিউজকে জানান।

তিনি বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় আল তৌহিদ এবং এনএলএফটি ছাড়া অন্য কোন সংগঠনের ব্যাপারে আমাদের খোঁজ করতে বলে নাই।

তিনি জানান, “ইসলামই মুক্তির একমাত্র পথ। গণতন্ত্র শয়তানের মতবাদ। যারা গণতন্ত্রের পক্ষে কথা বলে, তাদের জন্য নিশ্চিত জাহান্নাম। আর ইসলামের জন্য যারা জীবন দেয় তাদের জন্য রয়েছে অনন্ত বেহেশত।” এই ম্যাসেজ মোবাইল থেকে মোবাইলে ছড়িয়ে দেয়ার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হচ্ছিল জেহাদের ডাক।

তিনি আরও জানান, আল আনাহ নামের এক ব্যক্তি নিজেকে আল তৌহিদ সংগঠনের কর্মী পরিচয়ে জিহাদের এই ডাক ছড়িয়ে দেয় বিভিন্ন মোবাইলে।

ইরাকের জঙ্গী সংগঠনগুলোর মধ্যে আল তৌহিদ অত্যন্ত উগ্রপন্থী গ্রুপ। বর্তমানে এই দলটি আনসার আল ইসলাম নামের অপর এক জঙ্গী দলের সাথে একীভূত হয়ে গেছে। আনসার আল ইসলাম নামের এই সংগঠনটি আল কায়েদার পৃষ্ঠপোষকতায় চলে বলে সূত্র জানায়।

অপর একটি সূত্র জানায়, প্রাথমিকভাবে রাজধানীর মিরপুরে সংগঠনটির আস্তানার সম্পর্কে জানা গেলেও বাস্তবে আল তৌহিদ এর কোন ঘাঁটি খুজে বের করতে পারেনি র‌্যাব কর্তৃপক্ষ। শুধু আল তৌহিদই না। কাশ্মীর ভিত্তিক জঙ্গী সংগঠন লস্কর-এ-তৈয়বার ব্যাপারেও উদ্বিগ্ন ছিল বাংলাদেশ সরকার। জুলাই মাসে বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে দেশের কোন ব্যাংকে জঙ্গী এই সংগঠনের কোন অ্যাকাউন্ট থাকলে তা ফ্রিজ করারও আদেশ দেওয়া হয়।

এদিকে, কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় আল-কায়েদা ও তালেবান সংশ্লিষ্ট ‘ইসলামিক জিহাদ গ্রুপ’ (আইজেজি) এর কোন ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে ব্যাপক অনুসন্ধান চালানো হচ্ছে।

বাংলাদেশের ৬৪টি জেলা শহরে বুধবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে পাঁচ শতাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তন্মধ্যে রাজধানী ঢাকাতেই ঘটেছে কমপক্ষে ৩৪টি বোমা বিস্ফোরণের ঘটনা। ঢাকায় বোমা হামলার স্থানগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের রাস্তা, ভারতীয় হাইকমিশনের কাছের রাস্তা, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, সচিবালয়, বারিধারা কূটনৈতিক এলাকা ও জাতীয় প্রেসক্লাবও রয়েছে।