২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিক শিক্ষায় একমুখী ব্যবস্থা প্রণয়ন জাতির সাথে প্রতারণার সামিল: আ. লীগ

শিক্ষা মন্ত্রণালয় নির্বাহী আদেশের মাধ্যমে যে একমুখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে, আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাকে জাতির সাথে প্রতারণার সামিল হিসেবে উল্লেখ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 05:56 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমণ্ডির কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে দলের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন উপ-কমিটির এক সভায় তারা একথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক একে আজাদ চৌধুরী। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক, ড. হারুন-অর-রশীদ, শাহে আলম প্রমুখ।

বক্তারা বলেন, একমুখী শিক্ষা বলতে কাঠামোগত যে পরিবর্তনের কথা বোঝায়, তা না করে পাঠ্য বিষয়ের এক ধারার কথা বলা হচ্ছে। এটি আধুনিক শিক্ষাভাবনার পরিপন্থী বলে তারা উল্লেখ করেন।

সভায় বলা হয়, জোট সরকার শিক্ষাকে পণ্য হিসেবে গণ্য করে এ ধরনের হঠকারী পদক্ষেপ গ্রহণ করেছে, যা শিক্ষা ক্ষেত্রে চরম অনিশ্চয়তা ও বিশৃঙ্খলার জন্ম দেবে।

তারা বলেন, জাতীয়ভাবে কোনও ধরনের আলোচনা এবং দেশের শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছ্ত্রাী কারও কোনও মতামত গ্রহণ কিংবা যাচাই-বাছাই না করে মাধ্যমিক শিক্ষাকে একমুখী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় এ ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্যে সরকারের প্রতি দাবি জানানো হয়। পাশাপাশি বিষয়টি নিয়ে ছাত্র-শিক্ষক-অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়।