দেশের ২৯ লাখ লোকের নাম ভোটার তালিকায় নেই: এনডিআই
দেশে ভোটার হওয়ার যোগ্য এমন প্রতি ২৬ জনের মধ্যে ১ জন ভোটার তালিকাভুক্ত হয়নি। যা মোট ভোটারের তিন দশমিক আট শতাংশ।
ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট’র (এনডিআই) জরিপে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, যারা ভোটার তালিকাভুক্ত তাদের ১২ জনের মধ্যে একজনের নাম ত্রুটিপূর্ণ যা মোট তালিকার ৮ দশমিক ৫ শতাংশ। এদের অনেকে বিদেশ চলে গেছে, অথবা মৃত্যুবরণ করেছে।
কেউ কেউ আবার অপ্রাপ্তবয়স্ক অথবা ভূতুড়ে ভোটার বলে এনডিআই পরিচালিত এ জরিপে উল্লেখ করা হয়।
জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এনডিআই বুধবার এ জরিপ প্রতিবেদন প্রকাশ করে।
এনডিআই’র তথ্য মতে, দেশের বর্তমানে ২৯ লাখ লোক যারা ভোটার হওয়ার যোগ্য তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভূক্ত নেই।
ঢাকা বিভাগের ১১ দশমিক ৭ শতাংশ, সিলেটের ৮ দশমিক ৭ শতাংশ, খুলনা ৭ দশমিক ২ শতাংশ, চট্টগ্রামে ৭ শতাংশ, বরিশালে ৬ দশমিক ৮ শতাংশ ও রাজশাহীতে ৬ দশমিক ৪ শতাংশ ভোটারের নাম ত্রুটিপূর্ণ।
এনডিআই’র আবাসিক পরিচালক ড. ওয়েন লিপার্ট, প্রকল্প ব্যবস্থাপক নাজিয়া খোজিয়ানি হাশিমী এবং পরিসংখ্যানবিদ ড. মোহাম্মদ ইউসুফ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
