বোমা হামলার জন্যে প্রধানমন্ত্রীকে অবশ্যই জবাব দিতে হবে: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সারা দেশে সিরিজ বোমা হামলা ঘটনার জন্যে প্রধানমন্ত্রী ও জোট সরকারকে দায়ী করেছেন।
টুঙ্গিপাড়া থেকে ঢাকা ফেরার পথে বুধবার দুপুরে ফেরিতে সাংবাদিকদের কাছে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সরকারের প্রত্যক্ষ মদদেই বোমা হামলার ঘটনা ঘটেছে। সরকার জড়িত না থাকলে এতোগুলো গুরুত্বপূর্ণ স্থানে একই সময়ে এতো বোমা হামলার ঘটনা ঘটতে পারে না।
অভিযোগ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর মদদেই এ হামলা হয়েছে। বোমা হামলার ইশারা দিয়েই তিনি চীন চলে গেছেন। খালেদা-নিজামীকে অবশ্যই এর জবাব দিতে হবে।
আওয়ামী লীগ সভানেত্রী দেশব্যাপী সংঘটিত বোমা হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার জন্যে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ, দুর্নীতিবাজ ও খুনি জোট সরকারকে ‘আন চ্যালেঞ্জড’ ছেড়ে দেওয়া হবে না। সরকারের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করুন। তীব্র আন্দোলন গড়ে তুলুন। প্রয়োজনে হরতাল, বিক্ষোভসহ কঠোর আন্দোলন কর্মসূচি পালন করতে হবে।
শেখ হাসিনা বলেন, মানুষ বিএনপি জামাত জোটকে ভোট দেবে না। এটা জেনেই তারা দেশে অস্বাভাবিক ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এধরনের বোমা হামলার ঘটনা ঘটিয়ে মানুষ হত্যা করে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপিয়ে বিএনপি জামাত জোট ক্ষমতা পাকাপোক্ত করতে চায়।
আওয়ামী লীগ প্রধান আরও প্রশ্ন করেন, নাকি এটি অন্য কোনো আলামত?
শেখ হাসিনা বলেন, এ ধরনের ঘটনা ঘটবে বলে নাকি সরকারের কাছে আগে থেকেই সংবাদ ছিলো। তাহলে ঘটনা প্রতিরোধে সরকার কী পদক্ষেপ নিয়েছে? দেশে কি আদৌ কোনো সরকার আছে? সরকারের নিরাপত্তা বাহিনী কী করছিলো?
তিনি অভিযোগ করেন, পুলিশ, র্যাব, চিতা, কোবরা এবং গোয়েন্দা সংস্থার পদস্থ কর্মকর্তাদের নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মিটিংয়ের নামে ‘ক্লোজ’ করে নির্বিঘ্নে বোমা হামলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন।
আওয়ামী লীগ প্রধান অভিযোগ করেন, ‘হাওয়া ভবনে’ বসে ডিজিএফআই, এনএসআইসহ গোয়েন্দা সংস্থাকে নিয়ে বৈঠক করে বোমা হামলার এ পরিকল্পনা হয়েছে।
গত বছর ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ ইতোপূর্বে সংগঠিত বিভিন্ন বোমা ও গ্রেনেড হামলার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকারই যে ওই সকল ঘটনার সঙ্গে জড়িত ছিলো, তা প্রমাণিত হয়েছে। নিজেরাই জড়িত বলে সরকার এখন পর্যন্ত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করেনি। বরং তাদের মদদ দিচ্ছে।
বিরোধী দলীয় নেতা বলেন, বুধবারের সিরিজ বোমা হামলার ঘটনার মূল উদ্দেশ্য আমাকে হত্যা করা। আমাকে হত্যার এটি নতুন একটি ‘প্লট’।
