২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা বিস্ফোরণের প্রতিবাদে আইনজীবী পরিষদের আদালত বর্জন

সারা দেশের আদালত প্রাঙ্গণে বুধবার ধারাবাহিক বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিরোধী দলীয় আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (এসএএসপি) বুধবার দুপুর ২টা থেকে আদালত বর্জনের কর্মসূচি পালন করেছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 06:59 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

এছাড়া তারা বোমা হামলার প্রতিবাদে সমাবেশ করে এবং বৃহস্পতিবার সারাদেশে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়।

প্রতিবাদ সমাবেশে বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেন, ষড়যন্ত্রকারীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ধারাবাহিক বোমাবাজি করেছে। এতে দেশের ১৪ কোটি মানুষের সাংবিধানিক ও মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে।

তিনি আরও বলেন, আইনজীবীরা শেষ রক্তের বিনিময়ে দেশ ও জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার রাজপথের আন্দোলনকে এগিয়ে নিতে হবে। একই সাথে বিচার ব্যবস্থা ও আইনজীবীদের রক্ষার জন্যে আন্দোলন করতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমেই দেশের বর্তমান পরিস্থিতির অর্থবহ পরিবর্তন হতে পারে।

প্রতীকি কর্মসূচি নয়, জোরদার কর্মসূচি গ্রহণ করতে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনায়েতুর রহিমসহ দেশের ৩০ হাজার আইনজীবীর প্রতি আহ্বান জানান ড. কামাল হোসেন।

বাংলাদেশ বার কাউন্সিলের সহ সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত সরকারের শাসন অবসানের লক্ষ্যে জনগণের সঙ্গে আইনজীবীরাও রাস্তায় নেমেছে। তিনি আরও বলেন, কথিত আদালতে আমরা এই হামলার বিচার চাই না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে এই হামলার বিচার করা হবে।

বুধবার সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করার দাবিতে অনশন কর্মসূচি পালন করে। অনশন কর্মসূচি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সমাবেশের আয়োজন করে। সমাবেশে নেতারা বলেন, বুধবার সকাল সাড়ে আটাটা থেকে সাড়ে দশটা পর্যন্ত অনশন কর্মসূচি বানাচাল করার জন্যই এ বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।

আইনজীবী পরিষদের নেতা ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু বলেন, বুধবারের বোমা বিস্ফোরণের জন্য কারা দায়ী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এখনও তাদের সনাক্ত করতে পারেনি।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এ কর্মসূচিতে ড. কামাল হোসেন, অ্যাডভোকেট এএনএম গাজীউল হক, এসএএসপি’র আহ্বায়ক ব্যারিস্টার এম আমির-উল ইসলাম, সদস্য সচিব অ্যাড সুব্রত চৌধুরী, সাবেক এসসিবিএ সভাপতি সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, ব্যারিস্টার ওজায়ের ফারুক, ব্যারিস্টার শফিক আহমেদ, এসসিবিএ’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইনায়েতুর রহিম, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট এমএ সালাম তালুকদার, অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট জেডআই খান পান্না, অ্যাডভোকেট সৈয়দ আহমেদ, ব্যারিস্টার আহমেদ এবং অ্যাডভোকেট পরিমল চন্দ্র গুহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।