বিরোধী দলীয় দিবস চালুর প্রস্তাব নাকচ
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রস্তাবিত জাতীয় সংসদে বিরোধী দলগুলোর জন্য বেসরকারি দিবসের পাশাপাশি বছরে ১০ দিন ‘বিরোধী দলীয় দিবস’ চালুর প্রস্তাব স্পিকার ও ক্ষমতাসীন দলের সাংসদরা নাকোচ করে দিয়েছে।
জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে প্রদত্ত বিবৃতির পর তা খণ্ডনের জন্য ও প্রশ্ন করার জন্য বিরোধী দলীয় নেতাকে কিছু সময় প্রদানের প্রস্তাবও আমলে নেয়নি ক্ষমতাসীনরা। সংসদে এই দুটি ব্যবস্থা চালুর ব্যাপারে ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বাক-বিতণ্ডা অনুষ্ঠিত হয়। তবে সংসদে গত সপ্তম সংসদের মত ৩০ মিনিটের ‘জিরো আওয়ার’ চালুর ব্যাপারে মতৈক্য হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ‘কার্য প্রণালী বিধি’ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়গুলো আলোচনা করা হয়। বিরোধী দলীয় দিবস চালূর ব্যাপারে স্পিকার মঙ্গলবার বিডিনিউজকে বলেন, ব্রিটিশ পার্লামেন্ট ছাড়া পৃথিবীর আর কোথাও বিরোধী দলীয় দিবস নেই। তাই এটি চালু করা ঠিক হবে না। তবে সভায় বিরোধী দলীয় প্রধান হুইপ আব্দুস শহীদ ও জাতীয় পার্টির সাংসদ গোলাম মোহাম্মদ কাদের বিরোধী দলীয় দিবস চালুর ব্যাপারে দৃঢ অবস্থান নিলে স্পিকার বলেন, বর্তমানে বৃহস্পতিবার বেসরকারি সদস্য দিবস পালন করা হয়। আর এরপর বিরোধী দলীয় দিবস চালু করলে আমি বিরোধী দলকে ‘সামলাতে পারব না’। স্পিকারের পক্ষে শক্ত অবস্থান নেন বিএনপি সাংসদ সামসুল আলম প্রামানিক ও নুরুল ইসলাম মণি। প্রমাণিক স্পিকারের আমন্ত্রণে বৈঠকে যোগ দিয়ে তীব্র বাক বিতণ্ডার সৃষ্টি করেন। আব্দুস শহীদ তার উদ্দেশ্যে বলেন, আমন্ত্রণে বৈঠকে এসে বাদ্নাুবাদ ঠিক না।
কমিটির সদস্য কৃষিমন্ত্রী এম কে আনোয়ারও বেসরকারি দিবস চালুর তীব্র বিরোধীতা করেন।
ইউএনডিপি’র অর্থায়নে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করণ প্রকল্পের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় যে বর্তমান বেসরকারি দিবসের পাশাপাশি ১০ দিন বেসরকারি দিবস চালূ করা যেতে পারে। এর মধ্যে আট দিন প্রধান বিরোধী দলীয় নেতা বিরোধী দলের দাবি-দাওয়া নিয়ে কথা বলবেন। অবশিষ্ট দুই দিন অন্যান্য বিরোধী দল তাদের বক্তব্য পেশ করবে।
এ কারণে কার্যপ্রণালী বিধিতে ২৪ (ক) ধারা সংযোজন করা যেতে পারে। ব্রিটিশ পার্লামেন্টে বছরে ২০ দিন বিরোধী দলীয় সদস্যের দেখা হয়।
সংসদ চলাকালীন প্রতিটি কার্যদিবসে ৩০ মিনিটের জিরো আওয়ার চালুর ব্যাপারে স্পিকার প্রস্তাব দিলে সদস্যরা তা গ্রহণ করেন। তিনি বিডিনিউজকে বলেন, ৩০ মিনিটের মধ্যে ১৫ মিনিট ক্ষমতাসীন ও ১৫ মিনিট বিরোধী দলকে দেওয়া হবে। তবে কিভাবে তা প্রবর্তন করা হবে এ ব্যাপারে স্পিকার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের সাব-কমিটি অচিরেই সিদ্ধান্ত দেবে।
আব্দুস শহীদ ও গোলাম মোহাম্মদ কাদের বিরোধী দলীয় দিবস চালুর ব্যাপারে দৃঢ় অবস্থান নিয়ে বলেন, পৃথিবীর কোথাও না থাকলে আমাদের প্রবর্তন করতে অসুবিধা কোথায়? স্পিকার বলেন, বর্তমানে বেসরকারি সদস্য দিবসে বিরোধী দলীয় সদস্যরা অংশগ্রহণ করেন না। আমার মনে হয় বেসরকারি দিবসকে কার্যকর করলে বিরোধী দলীয় দিবস চালূর দরকার নেই। ৩০০ বিধিতে মন্ত্রীদের বিবৃতির প্রস্তাবে ইউএনডিপি’র প্রস্তাবে বলা হয়, মন্ত্রী যে পরিমাণ সময় নিয়ে বিবৃতি দেবেন তার অর্ধেক সময় বিরোধী দলীয় নেতাকে প্রশ্ন করার বা যুক্তি খন্ডনের জন্য দেয়া যেতে পারে।
বিরোধী দলীয় নেতা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বক্তব্য শেষ না করেন তাহলে মন্ত্রীও সেই পরিমাণ সময় কথা বলবেন। সামসুল আলম প্রামাণিক বলেন, এইভাবে বক্তব্য-পাল্টা বক্তব্য চললে সংসদ চলবে না। আবার বিরোধী দলীয় নেতার মাইক বন্ধ করা যাবে না। কার্য প্রনালী বিধি অনুযায়ী মন্ত্রীর বিৃতির পর কোনও বিতর্ক চলবে না।
স্পিকার ব্যরিস্টার জমির উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ক্ষমতাসীন দলের সাংসদ মসিউর রহমান ও আব্দুল মান্নান বিরোধী দলীয় দিবস চালুর ব্যাপারে মতামত দিলেও খুব দৃঢ় অবস্থান নেননি। বৈঠকে অন্যান্যের মধ্যে কমিটির সদস্য চীফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেন ও প্রমোদ মানকিন উপস্থিত ছিলেন।
