২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনেক শিশুই জানে না বঙ্গবন্ধু কে

স্বাধীনতার ৩৪ বছর পরও দেশের অনেক শিশুই জানে না বঙ্গবন্ধু কে? শিশুরা তাঁর সম্পর্কে খুবই খণ্ডিত ধারণা পোষণ করছে। কারও জানা মতে, তিনি শুধু একজন রাষ্ট্রপতি ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

কেউ বলছে, তিনি ভাল যুদ্ধ করতে পারতেন। তিনি রাজনীতি করতেন, কেবল এইটুকুই জানা আছে কারও কারও।

সোমবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর-এ শিশু দর্শনার্থীরা বিডিনিউজকে এভাবেই তাদের ধারণা ব্যক্ত করে। তবে ওরা স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে।

উত্তরার রাশেদুল ইসলাম (৪০) এসেছেন ছেলে মেয়ে নিয়ে। ছেলে রাফসান ও মেয়ে হৃদি পড়ে উত্তরা মডেল স্কুলে, যথাক্রমে পঞ্চম ও তৃতীয় শ্রেণীতে । ওরা জানে না বঙ্গবন্ধু কে, কী কারণে এই শোক দিবস পালন করা হচ্ছে। ওরা শুধু জানে, তিনি একজন রাষ্ট্রপতি ছিলেন।

ধানমন্ডির বেগম শাকিলা জামান এসেছেন তার দুই সন্তান শাদমান ও নিস্মাকে নিয়ে।

ইংরেজী মাধ্যমে যথাক্রমে চতুর্থ ও দ্বিতীয় শ্রেণীর এই দুই শিক্ষার্থী শেখ মুজিবের নাম শুনেছে বটে; কিন্তু জানে না, কী অবদানের জন্যে সবাই তাকে স্মরণ করছে। ওরা জাদুঘর দেখতে এসেছে। জাদুঘরে বঙ্গবন্ধু হত্যা সংশ্লিষ্ট নানা জিনিস দেখে তাদের মন খারাপ হয়ে গেছে। শিশুদের প্রশ্নœ, একজন প্রেসিডেন্ট এবং তাঁর পরিবারের সকলকে কেন এভাবে হত্যা করা হলো?

লালবাগ থেকে সাইদুল, মন্টু, কালাম, সাদ্দাম, আলামিনসহ অনেক কর্মজীবী শিশু এসেছে। ওরা স্কুলে যায় না। হরতালে কাজ নেই বলে ধানমণ্ডি ৩২ নম্বরে যুদ্ধের নায়ককে দেখতে এসেছে। নায়কের এ পরাজয় দেখে ওরা দুঃখ

ভারাক্রান্ত । স্বাধীনতার জন্যে যুদ্ধ করতে যিনি উৎসাহ দিয়েছেন, তাকে কেন আমাদের দেশের লোকেরাই মেরে ফেলেছে, এই প্রশ্নের উত্তর মেলা ভার এই সব শিশুর জন্যে।

মহিউদ্দিন আহমেদ নামে এক অভিভাবক বলেন, আমাদের শিশুরা জাতির সঠিক ইতিহাস জানে না বলেই আজ আমাদের এ অবস্থা! তিনি আরও বলেন, পাঠ্যক্রমে সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করা উচিত। সোমবার অন্যান্য দিনের চেয়ে দেড় থেকে দু হাজার বেশি শিশু-কিশোর দর্শনার্থীর সমাগম ঘটে।