অন্তর্কলহের জের: কয়েকটি স্থানে পৃথকভাবে শোক কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ
দেশের কয়েকটি স্থানে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে পৃথকভাবে পালিত হয়েছে জাতীয় শোক দিবসের কর্মসূচি।
ঝালকাঠি, পিরোজপুর ও কক্্রবাজারে আওয়ামী লীগের বিবদমান গ্রুপগুলো আলাদাভাবে কর্মসূচি পালন করে।
বিডিনিউজ ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠির কাঁঠালিয়া এবং রাজাপুর উপজেলায় পৃথক শোক কর্মসূচি পালিত হয়। সংগঠনের কাঠালিয়া উপজেলা শাখা সভাপতি মো. ফারুক সিকদার এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজির এবং রাজাপুর উপজেলার আহবায়ক বিএইচ হারুন ও যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজ এর চারটি গ্রুপ এসব কর্মসূচির নেতৃত্ব দেয়।
বরিশাল প্রতিনিধি জানান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের দু’গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়ে পৃথকভাবে কর্মসূচি পালন করে। জসিম উদ্দিন খানের নেতৃত্বে সকাল থেকে শহরে খণ্ড খণ্ড মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ও কেন্দ্রীয় অনেক নেতা বক্তব্য রাখেন। অন্যদিকে জেলা সাধারন সম্পাদক একেএম আউয়ালের নেতৃত্বেও পথসভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
কক্সবাজার প্রতিনিধি জানান, শোক দিবসের কর্মসূচি পালনের মধ্য দিয়ে কক্সবাজার আওয়ামী লীগের দলীয় কোন্দল আবার প্রকাশ্য রূপ নিয়েছে। জেলা আওয়ামী লীগ পাবলিক হল প্রাঙ্গনে, জেলা ছাত্রলীগের সভাপতি নূরুল আজিম কনকের উদ্যোগে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এবং জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল করিম মাদু ও প্রক্তন ছাত্রলীগ নেতা বর্তমান পৌর কমিশনার মহবুবুর বহমান মাবু’র নেতৃত্বে স্বরস্বতী মন্দির সংলগ্ন মাঠে পৃথক শোক কর্মসূচি পালিত হয়।
