বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকরের দাবি ও সরকার পতনের প্রত্যয়ে শোকাবহ পরিবেশে জাতীয় শোক দিবস পালিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ফাঁসির রায় অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়ে জাতি ১৫ আগস্ট সোমবার জাতীয় শোক দিবস পালন করেছে।
আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এ উপলক্ষ্যে আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে বিএনপি-জামাত জোট সরকারকে ক্ষমতাচ্যুত করে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার গঠনের প্রত্যয় ঘোষণা করে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়। তারপর দীর্ঘ ৩০ বছরেও খুনিদের বিচার হয়নি।
শোকাবহ পরিবেশে ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে পালিত শোক দিবসের কর্মসূচিতে দলীয় নেতা-কর্মী ছাড়াও হাজার হাজার নারী-পুরুষ-শিশুসহ সর্বস্তরের জনতা অংশ নেয়।
ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর এলাকায় সোমবার ভোর থেকেই মানুষের ঢল নামে। হাতে ফুল নিয়ে দীর্ঘ সময় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান স্বাধীন বংলাদেশের মহান এ স্থপতির প্রতি।
আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা হরতাল শেষে বেলা সোয়া ১২টায় বঙ্গবন্ধু ভবনে রক্ষিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে তিনি বনানী গোরস্থানে ১৫ আগস্টের শহীদদের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় ও মহানগর নেতারা এসময় উপস্থিত ছিলেন।
আবেগাপ্লুত শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
আওয়ামী লীগ সভানেত্রী বনানী গোরস্থানে পৌঁছে ফাতেহা পাঠ ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তিনি। মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং ভাই-ভাত্রীবধূসহ নিকটাত্মীয়দের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদদের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। উপস্থিত নেতা-কর্মীরাও পারেননি অশ্রু সংবরণ করতে। বেদনাবিধুর পরিবেশে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শেখ হাসিনা ফিরে যান ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে। সন্ধ্যা পর্যন্ত সেখানেই অবস্থান করেন তিনি।
এদিকে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপির নেতৃত্বে দলের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল সোমবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। তারা সেখানে ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও দোয়ায় অংশ নেন।
আওয়ামী লীগ ছাড়াও জাসদ ও জাতীয় পার্টি (মঞ্জু)সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার ও ঢাকায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধু এভিনিউসহ রাজধানীর সকল ওয়ার্ড ও পাড়া মহল্লায় প্যান্ডেল নির্মাণ করে মিলাদ মাহফিল, কোরান খানি, দোয়া অনুষ্ঠান ও কাঙালি ভোজের আয়োজন করে। সর্বত্র মাইকে বাজানো হয় বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। আওয়ামী সাংস্কৃতিক ফোরামের (আসাফো) শিল্পীরা বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় ভোর থেকেই দল বেঁধে হেঁটে হেঁটে বঙ্গবন্ধুকে উৎসর্গীকৃত গণসঙ্গীত পরিবেশন করেন।
আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্যদের নিয়ে গঠিত ৮টি টিম ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় আয়োজিত কাঙালি ভোজে গরিব জনগণের মাঝে খাবার বিতরণ করেন। মহানগর আওয়ামী লীগ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিডিনিউজকে জানান, নগরীর প্রায় দু’হাজার স্পটে কাঙালি ভোজ ও শোক দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজধানীর পাশাপাশি সারাদেশে দিবসটি উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি পালিত হয়।
এদিকে রাজধানীর কয়েকটি এলাকা ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে বিএনপি ক্যাডার ও পুলিশের হামলা এবং কাঙালি ভোজের খাবার লুটপাটের খবর পাওয়া গেছে।
