২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণআদালতে জোট সরকারের বিচার করতে হবে: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিএনপি জামাত জোটের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, স্বাধীনতা ও গণবিরোধী এ সরকারের গণআদালতে বিচার করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 08:52 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রোববার বিকেলে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় দলের নেতা কর্মীসহ জনগণকে নতুন শপথ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যতো রক্ত দিতে হয় দেবো। বাংলাদেশকে জোট দুঃশাসনের কবল থেকে মুক্ত করবোই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে যতো ত্যাগ স্বীকার করতে হয়, আমরা করবো।

বিএনপি জামাত জোটের বিরুদ্ধে দেশ ধ্বংসের অভিযোগ এনে বিরোধী দলীয় নেতা বলেন, এ সরকার আইন ও বিচার বিভাগ এবং প্রশাসনসহ রাষ্ট্র পরিচালনার সকল অঙ্গ ধ্বংস করছে। পরিকল্পিতভাবে তারা বাংলাদেশের স্বাধীনতাকে মূল্যহীন করতে চাচ্ছে।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আজ ৩০ বছর হয়ে গেলো। বঙ্গবন্ধুকে হারিয়ে বাংলার মানুষ কী পেয়েছে? বঙ্গবন্ধুহীন বাংলার মানুষ এখন কেমন আছে? আমি দেশবাসীর প্রতি আবেদন জানাই, তারা যেন এ হিসাব নিকাশ করে দেখে।

আওয়ামী লীগ সভানেত্রী বিএনপি জামাত জোটকে খুনিদের মদদদাতা আখ্যায়িত করে বলেন, জেনারেল জিয়া ও তার স্ত্রী বেগম জিয়া খুনিদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছেন। সাম্প্রদায়িক সন্ত্রাসীদের লালন পালন করছেন। বর্তমান প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের রক্তাক্ত পতাকা তুলে দিয়েছেন রাজাকারদের হাতে। বিনা বিচারে মানুষ হত্যা করে হত্যাকারিদের পুরস্কৃত করছেন।

বিএনপি নেতা জিন্টুর ফাঁসির আদেশ মওকুফের প্রসঙ্গ তুলে বিরোধী দলীয় নেতা রাষ্ট্রপতির উদ্দেশে বলেন, তিনি কেমন শিক্ষক যে, জোড়া খুনের সাজাপ্রাপ্ত আসামিকে মাফ করে দিলেন! রাষ্ট্রের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তিও যদি এভাবে খুনিদের মদদ দেন, তাহলে কোন্ দেশে বাস করছি আমরা?

শেখ হাসিনা বলেন, জোট নেতা ও মন্ত্রী এমপিরা দুর্নীতি করে অর্থের পাহাড় গড়তে গিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি করছে। আর প্রতিনিয়ত ক্ষুধার জ্বালায় জ্বালিয়ে মানুষ হত্যা করছে।

দেশবাসীকে জোট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, মানুষকে আবার ঘুরে দাঁড়াতে হবে। অত্যাচারি খুনি বিএনপি জামাত জোটের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বার কাউন্সিলের সহ সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বঙ্গবন্ধু হত্যা মামলা কার্যক্রমের কথা উল্লেখ করে আওয়ামী লীগ নেতা কর্মীদের উদ্দেশে বলেন, সুপ্রিম কোর্ট এ হত্যা মামলার রায় কার্যকর করবে-এ আস্থা আপনারা পেলেন কীভাবে? রায় কার্যকর করতে সুপ্রিম কোর্ট লাগবে না। বিএনপি জামাত জোট সরকারের পতন ঘটিয়ে জনগণকে এ রায় কার্যকর করতে হবে।

তিনি বলেন, যে সুপ্রিম কোর্ট বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘোষণা করতে বিব্রত বোধ করেন, সেই বিচারকদের কাছে মানুষের চাওয়া পাওয়ার কিছু থাকে না। ওই বিচারকদের বিচার বাংলার মানুষকে করতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ছাড়াও দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দিন, সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, মতিয়া চৌধুরী, ঢাকা মহানগর সভাপতি মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম, অধ্যাপক একে আজাদ চৌধুরী ও অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক আলোচনায় অংশ নেন। অসীম কুমার উকিল সভা পরিচালনা করেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান নূর এমপি, স্থপতি ইয়াফেস ওসমান ও কবি রবীন্দ্র গোপ কবিতা আবৃতি করেন।