সিরাজগঞ্জে আ. লীগের শোক দিবস পালনের প্রস্তুতি সভায় বিএনপি’র হামলা, আহত ৭
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় আওয়ামী লীগের ১৫ আগস্ট শোক দিবস পালনের প্রস্তুতি সভায় শুক্রবার বিএনপি কর্মীরা হামলা চালিয়েছে।
এতে আওয়ামী লীগ ও যুবলীগের সাত নেতাকর্মী গুরুতর আহত হয়।
আহতরা নেতা কর্মীরা হচ্ছে তাড়াশ উপজেলা যুবলীগ সদস্য হাসিনুল (৩১), ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আ. সালাম (৪৫), বাকু (৩৫), রেজা (৩৮), হারুন (২৫), রেজাউল করিম (৩৪)। এদের মধ্যে সালাম ও হাসিনুলের অবস্থা আশংকাজনক। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের বড় ঘাটপাড়া গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের ১৫ আগস্ট শোক দিবস পালনের প্রস্তুতি সভা চলার সময় স্থানীয় বিএনপি কর্মীরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। মাগুড়া বিনোদ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাহার আলীর নেতৃত্বে ৩০/৪০ জনের সশস্ত্র ক্যাডাররা এ হামলা চালায় বলে সূত্র জানায়।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
