২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি’র নাটকীয় সিদ্ধান্ত: ফরিদপুর-১ উপনির্বাচনে শাহ জাফরকেই প্রার্থী করা হয়েছে, আপডেট

ক্ষমতাসীন চারদলীয় জোটের প্রধান শরিক দল বিএনপি বুধবার নাটকীয়ভাবে ৩০ আগস্ট অনুষ্ঠেয় ফরিদপুর--১ উপনির্বাচনের পূর্ব ঘোষিত প্রার্থী কাজী সিরাজের পরিবর্তে শাহ মোহাম্মদ আবু জাফরের নাম ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 07:46 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

আগস্টের ৪ তারিখ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের পর বিএনপি’র সংসদীয় বোর্ড উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে কাজী সিরাজের নাম ঘোষণা করে। গত সংসদীয় নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করে সংসদ সদস্য হলেও সম্প্রতি তিনি (কাজী সিরাজ) বিএনপিতে যোগ দেন।

এদিকে দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষুদ্ধ শাহ মোহাম্মদ আবু জাফর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।   

বুধবার দুপুরে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কার্যালয়ে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য কেএম ওবায়দুর রহমান, দুই প্রাথী কাজী সিরাজ ও শাহ আবু জাফর, বিএনপির ফরিদপুর জেলা কমিটির সভাপতি শাহজাদা মিয়া। সফল আলোচনা শেষে চার দলীয় জোট আগের সিদ্ধান্ত পরিবর্তন করে উপনির্বাচনে নতুন প্রার্থী হিসেবে শাহ আবু জাফরের নাম ঘোষণা করা হয়।

বিকেল চারটায় বৈঠক শেষে শাহজাদা মিয়া জানান, কাজী সিরাজ প্রার্থিতা প্রত্যাহার করবে এবং আবু জাফরের পক্ষে কাজ করতে বলা হয়েছে।

শাহ মো. আবু জাফর এ প্রসঙ্গে বলেন, দলীয় নেতৃত্ব বাস্তব অবস্থা উপলব্ধি করে এ সিদ্ধান্ত নিয়েছে।

আওয়ামী লীগের বোয়ালমারী উপজেলা কমিটির সভাপতি মো. মুশাররফ হোসেন মুসা মিয়া কাজী সিরাজের বাদ পড়াকে বিশ্বাসঘাতকতার পতন হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, এটি তাদের রাজনৈতিক বিজয়। এ থেকে দলত্যাগী বিশ্বাসঘাতকরা শিক্ষা পাবে। দলত্যাগের পরিণাম ভাল হয় না।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার আগে শাহ মো. আবু জাফর  ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আহুত বুধবার বিকেল তিনটার সংবাদ সম্মেলন স্থগিত করেন। সম্মেলনে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা ছিল। 

এদিকে প্রার্থিতা পরিবর্তন করার ঘটনায় শাহ মো. আবু জাফরের সমর্থকরা বুধবার বিকেলে নির্বাচনী এলাকার তিনটি উপজেলায় মিষ্টি বিতরণ করে।

কাজী সিরাজ গত জুন মাসের চার তারিখে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ায় ফরিদপুর--১ আসনটি ফাঁকা হয়। 

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ উপনির্বাচনে অংশ নিচ্ছে না।