কাজী সিরাজের পরাজয়ের জন্য আওয়ামী লীগ প্রয়োজনীয় সবকিছু করবে
আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিতব্য ফরিদপুর-১ আসনের উপনির্বাচনে চারদলীয় প্রার্থী কাজী সিরাজুল ইসলামের পরাজয়ের জন্য প্রধান বিরোধী দল আওয়ামী লীগ প্রয়োজনীয় সবকিছুই করবে। দলের অভ্যন্তরীণ এক সূত্র মঙ্গলবার এ কথা জানায়।
আওয়ামী লীগ কেন্দ্রীয কমিটির সদস্য বিপুল ঘোষ বলেন, কাজী সিরাজ আমাদের সাথে বেঈমানি করেছে। তার বিজয় ঠেকাতে আমরা প্রয়োজনীয় সব কিছুই করব।
আলফাডাঙ্গা আওয়ামী লীগ সভাপতি শেখ আকরাম হোসেন বলেন, আওয়ামী লীগের সমর্থকরা তাকে উচিত শিক্ষা দেবে। অন্যদিকে বোয়ালমারি আওয়ামী লীগ জানায়, দলীয় সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। কাজী সিরাজ একজন বিশ্বাসঘাতক। সে আমাদের কোনও সহযোগিতা পাবে না।
কাজী সিরাজ ফরিদপুর-১ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে ১৯৯৬ সালে এবং ২০০০ সালে এমপি নির্বাচিত হয়েছিলেন।
সম্প্রতি তিনি বিএনপিতে যোগ দেওযায় ওই আসনটি শূণ্য হয়ে পড়ে।
উপনির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে মনোনয়ন না পাওয়া শাহ মোহাম্মদ আবু জাফর। শাহ জাফর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
আওয়ামী লীগ কাজী সিরাজের বিপক্ষে শক্ত অবস্থান নেওযায় শাহ জাফর নির্বাচনের কিছুটা সুবিধা পাবেন। এ ব্যাপারে শাহ জাফর বলেন, বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা ইতোমধ্যেই আমাকে টেলিফোন করেছেন এবং স্বাগত জানিয়েছেন। তবে তিনি এর বেশি কিছু বলেননি।
অন্যদিকে, বেশ কযেকজন স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহ জাফরকে সমর্থনের বিরোধীতা করেছেন।
তাদের মতে, আওযামী লীগের সমর্থনে শাহ জাফর বিজয়ী হলে সে দলে ফিরে আসতে পারে। তাহলে আগামী সাধারণ নির্বাচনে শাহ জাফরই হবেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী। এতে দলের অন্যান্যরা বঞ্চিত হবে।
এরশাদের আমলে জাতীয় পার্টিতে যোগ দেওয়ার আগে শাহ জাফর আওয়ামী লীগে ছিলেন। পরবর্তীতে নির্বাচনে মনোনয়নের আশ্বাস পেয়ে তিনি বিএনপিতে যোগ দেন।
বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ শাহ জাফরকে আগামী নির্বাচনে মনোনয়ন দেওযার আশ্বাস দিয়েছেন। তবে শর্ত হলো উপনির্বাচনে কাজী সিরাজকে বিজয়ী করার জন্য তাকে পরাজয় বরণ করতে হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দলীয় সিদ্ধান্ত না মানায় শাহ জাফরকে যেন বহিষ্কার করা হয় সে জন্য কাজী সিরাজ বিএনপি নেতৃবৃন্দের প্রভাবিত করতে ব্যস্ত রয়েছেন।
