ক্ষমতায় গেলে ফৌজদারি আইনে সাংবাদিক গ্রেফতারের ‘কালো বিধান’ বাতিল করা হবে: আ. লীগ
ক্ষমতায় গেলে আওয়ামী লীগ ফৌজদারি আইনে সাংবাদিক গ্রেফতারের ‘কালো বিধান’ রহিত করবে। এছাড়া গণমাধ্যমের স্বাধীনতার পূর্ণ নিশ্চয়তা দেওয়া হবে।
সাংবাদিক নির্যাতন, তথ্য সন্ত্রাস ও গণমাধ্যমের স্বাধীনতা - শীর্ষক আলোচনা সভায় বক্তৃতাকালে মঙ্গলবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি এ ঘোষণা দেন।
তিনি বলেন, জোট সরকার জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসন প্রতিরোধের শক্তিকে বেগবান করতে হবে। আর বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশের ক্ষেত্রে শক্তি ও সাহস যোগানোর উদ্দেশ্যেই আমাদের এ আয়োজন।
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এ সভায় আলোচকদের মতামতের ভিত্তিতে ১২ দফা সুপারিশ গৃহীত হয়।
এর মধ্যে রয়েছে: গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্য প্রবাহের অবাধ চলাচল নিশ্চিত করা, মানহানি মামলায় সাংবাদিকদের গ্রেফতার করা যাবে না মর্মে বিধান প্রণয়ন, সাংবাদিক হত্যার বিচার দ্রুত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূল শাস্তি প্রদান, অবিলম্বে সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, সাংবাদিকদের নিরাপত্তার নিশ্চয়তা, ভয় ভীতি প্রদর্শন ও হুমকি বন্ধ, সংবাদপত্রের বিরুদ্ধে সরকারের হুমকি ও বিষোদগার বন্ধ, রাষ্ট্রীয় গণমাধ্যমে ইতিহাস বিকৃতি বন্ধ ইত্যাদি।
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ কমিটির উদ্যোগে এর চেয়ারম্যান আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আআমস আরেফিন সিদ্দিক।
আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক কলামিস্ট কেজি মুস্তাফা, বার কাউন্সিলের সহ সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম, বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও সিইউজে সভাপতি মোশতাক আহমদ। আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক নূহ উল আলম লেনিন সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দিন, মতিয়া চৌধুরী, বিরোধী দলীয় চিফ হুইপ আব্দুস শহিদ, অধ্যাপক একে আজাদ চৌধুরী, বিএফইউজে সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, ডিইউজে সম্পাদক শাহ্ আলমগীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আব্দুল জলিল তার বক্তব্যে জোট সরকার আমলে সাংবাদিকসহ কারো জীবনেরই নিরাপত্তা নেই বলে অভিযোগ করেন।
তিনি বলেন, কালো টাকার মালিকরা তাদের কালো টাকা সাদা করতে সংবাদপত্র বের করে মুক্তবুদ্ধির তরুণদের হাত পা বেঁধে সরকারের পক্ষে ভূমিকা রাখতে প্রতিযোগিতায় নেমেছে। এদের সামাজিভাবে প্রতিহত করা দরকার।
ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, ব্রিটিশ রাজের স্বার্থ রক্ষায় ১৯২৬ সালে প্রণীত আইন দিয়ে আমাদের ’৭২ এর সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারকে ব্যাহত করা হচ্ছে। সাংবাদিকদের ওপর নানাভাবে অত্যাচার নির্যতন দমন পীড়ন চালানো হচ্ছে।
অ্যাডভোকেট মাহবুবে আলম সাংবাদিক নির্যাতনের কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, জোট সরকার আমলে সন্ত্রাস চলছে অত্যন্ত পরিকল্পিতভাবে। অনেক ক্ষেত্রে আইনের আশ্রয় নিয়েই চালানো হচ্ছে এ সন্ত্রাস।
আলোচনা সভা থেকে সাংবাদিক নির্যাতন ও দমন পীড়নের বিরুদ্ধে রাজনৈতিক নেতৃত্বকে ঐক্যবদ্ধ হয়ে সুশীল সমাজ ও গণতান্ত্রিক শক্তিকে সমন্বিত করে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
