ভোটার তালিকার প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের সদস্যদের মধ্যে মতপার্থক্যের াবসান ঘটেনি
ভোটার তালিকা নতুন না হালনাগাদ হবে এ নিয়ে নির্বাচন কমিশনের সদস্যদের মধ্যে মতপার্থক্যের অবসান ঘটেনি।
নির্বাচন কমিশনার একে মোহাম্মদ আলী রোববার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানান। ভোটার তালিকার ফাইলে তিনি লিখেন, ১৯৮২ সালের নির্বাচনী অধ্যাদেশ এবং ১৯৮২ সালের বিধিমালা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা উচিত।
নির্বাচন কমিশনের অপর সদস্য এমএম মুন্সেফ আলীও ভোটার তালিকার ফাইলে একই কথা লিখেন।
মোহাম্মদ আলী অভিযোগ করেন, শনিবারের বৈঠকে তার মন্তব্য সঠিকভাবে রেকর্ড করা হয় নি। ভোটার তালিকা নিয়ে সোমবার তিনি বলেন, সবকিছুই আইনানুযায়ী হওয়া উচিত।
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সিদ্ধান্ত সম্পর্কে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, যেখানে এ ব্যাপারে নির্দিষ্ট একটি আইন আছে, সেখানে পূর্বে কিভাবে করা হয়েছে তা মূখ্য বিষয় নয়।
আমি জানি না সিইসি এটা কীভাবে করবেন। কিন্তু আমি বলতে চাই সবকিছুই বিদ্যমান আইনানুযায়ী হওয়া উচিত। ভোটার তালিকা নিয়ে সিদ্ধান্ত প্রকাশ করতে গিয়ে সিইসি রোববার সাংবাদিকদের বলেন, ১৯৮৩ সাল থেকে নির্বাচন কমিশন যেভাবে ভোটার তালিকা প্রস্তুত করেছে সেভাবেই ভোটার তালিকা প্রস্তুত করা হবে।
তিনি আরও বলেন, আমরা প্রথা অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত করব। পূরর্বও নতুন ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে, সেকারণেই এখন আমরা সে পথ অনুসরণ করব।
কিন্তু মোহাম্মদ আলী সিইসির মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, যেখানে আইন আছে সেখানে প্রথার কোনও স্থান নেই।
তিনি আরও বলেন, আপনি যদি প্রথার মধ্য দিয়ে যান, তাহলে তার অর্থ হবে আপনি আইন লংঘন করছেন।
১৯৮২ সালের বিধিমালা ইলেকটরাল রোলস অর্ডিন্যান্স’র ৭ (৭) ধারার উল্লেখ করে তিনি বলেন, এ আইনের মাধ্যমে বুঝা যাবে আসলে কী করতে হবে।
তবে এ ব্যাপারে বেশ কয়েকবার যোগাযোগ করেও সিইসির কোনও মন্তব্য পাওয়া যায় নি।
ভোটার তালিকা নিয়ে তিনদিনব্যাপী সংলাপের শুরুতে সিইসি বলেছিলেন, নতুন ভোটার তালিকা প্রস্তুতের জন্য নির্বাচনী আইন সংশোধন করতে হবে।
কিন্তু পরে তিনি আবার বলেন, নতুন ভোটার তালিকা প্রস্তুতের জন্য আইন সংশোধনের প্রয়োজন নেই।
এর আগে নির্বাচন কমিশন ১৯৮৩, ১৯৯০, ১৯৯৫ এবং ২০০০ নির্বাচনী আইন সংশোধন না করেই নতুন ভোটার তালিকা প্রস্তুত করেছিল।
তবে নির্বাচন কমিশনের সচিবালয়ের কর্মকর্তারা জানান, কয়েকদিনের মধ্যেই তারা অর্থমন্ত্রণালয়ের কাছে ১৫০ কোটি টাকার তহবিলের জন্য আবেদন করবেন।
