২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার প্রস্তাব নিয়ে শীঘ্র আলোচনায় বসুন: সরকারের প্রতি বি চৌধুরী ও ড. কামাল হোসেন

প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এবং নির্বাচন কমিশন সংস্কার প্রসঙ্গে বিরোধী দলের সাথে আলোচনায় বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিকল্প ধারা এবং জাতীয় ঐক্যমঞ্চের দুই শীর্ষ নেতা। সংস্কার প্রস্তাবকে তারা জনগণের দাবি বলেও অভিহিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 08:58 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে সোমবার বিকল্প যুবধারার আয়োজনে ‘তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব ’ শীর্ষক এক আলোচনাসভায় সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং গণফোরাম ও জাতীয় ঐক্যমঞ্চের সভাপতি ড. কামাল হোসেন এ কথা বলেন।

বর্তমান জোট সরকার প্রশাসনকে ব্যাপকহারে দলীয়করণ করছে বলে অভিযোগ করে তারা বলেন, এর ফলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা ক্রমেই ক্ষীণতর হচ্ছে।

তারা আরও বলেন, রাজনৈতিক সুবিধাপ্রাপ্ত কোনও ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা যাবে না।

সভাপতিত্ব করেন যুবধারার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এটিএম কামাল।

বি চৌধুরী বর্তমান নির্বাচন পদ্ধতির দুর্বল দিকগুলো আলোচনা করে এর আমূল সংস্কারের দাবি জানান। তিনি সরকারকে সতর্ক করে বলেন, যদি কোনো রাজনৈতিক বিশৃঙ্খলা ঘটে তাহলে তার দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।

ড. কামাল হোসেন তার বক্তব্যে সরকারের ব্যাপক সমালোচনা করে বলেন, প্রশাসনে ব্যাপক দলীয়করণের ফলে সৎ ও যোগ্য কর্মকর্তারা দক্ষতার সাথে কাজ করতে পারছেননা।

তিনি বলেন, দুর্নীতিবাজ রাজনীতিবিদদের কারণে গণতন্ত্র এখন বিপন্ন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব) এমএ মান্নান, গণফোরাম নেতা সাবেক হুইপ আব্দুর রউফ, বিকল্প ধারার কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম বিপ্লবসহ যুবধারার কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা।