ফরিদপুর-১ উপনির্বাচন: ৭ প্রার্থীর মনোনয়পত্র বৈধ, প্রত্যাহারের শেষ তারিখ ১৪ আগস্ট
ফরিদপুর-১ আসনের উপনির্বাচনে দাখিলকৃত সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। রোববার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে কারও মনোনয়নই বাতিল করা হয়নি।
শনিবার ছিলো মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন।
নির্বাচনে অংশ নিতে যে সকল প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন- চার দলীয় জোট মনোনীত বিএনপি দলীয় প্রার্থী কাজী সিরাজুল ইসলাম, বিএনপির বিদ্রোহী প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফর, চার দলীয় জোটের অপর বিদ্রোহী প্রার্থী ইসলামী ঐক্য জোটের মোহাম্মদ শরাফত হোসেন, স্বতন্ত্র প্রার্থী একেএম জামালউদ্দিন নান্নু মিয়া, বহুল আলোচিত কৃষক মুক্তি আন্দোলনের কৃষক মোহাম্মদ সাদেক, মাওলানা মুজিবুর রহমান (স্বতন্ত্র) এবং মোহাম্মদ নূরুল আবেদীন (স্বতন্ত্র)।
ফরিদপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়পত্র বছাই শেষে সকল প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা দেয়া হয়।
আগামী ১৪ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ এবং ৩০ আগস্ট ভোট গ্রহণ।
