২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: মনোনয়ন পেতে জোর তদবির চলছে

সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন পেতে বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেত্রীরা জোর তদবির চালাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

নির্বাচন কমিশন গত ২ আগস্ট ওই নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

জাতীয় পার্টি (এরশাদ) গত ৩ আগস্ট এক বৈঠকে নির্বাচনে অংশ গ্রহণের সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যেই তারা নির্বাচনে তাদের জন্য বরাদ্দকৃত দুটি আসনের মনোনয়ন চূড়ান্ত করেছে।

নির্বাচনে প্রার্থী হিসেবে জাতীয় পার্টি দলীয় চেয়ারম্যান এইচএম এরশাদের ছোট বোন মেরিনা রহমান ও দলের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা রাজিয়া ফাযেজের নাম ঘোষণা করা হয়েছে।

অন্যান্য দলের মধ্যে ক্ষমতাসীন বিএনপি পাবে ৩০ টি আসন। অন্যদিকে, আওয়ামী লীগ নয়টি, জামাত তিনটি এবং জেপি (মঞ্জু), বিজেপি (নাজিউর) ও শ্রমিক কৃষক জনতা লীগসহ অন্যান্য রাজনৈতিক দল মিলে একটি মাত্র আসন পাবে।

নির্বাচনী তফসিল অনুযায়ী, ২৭ আগস্ট মনোনয়নপত্র জমা এবং পরের দিন মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে।

মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১ সেপ্টেম্বর।

সংসদে বিভিন্ন রাজনৈতিক দলের আসন সংখ্যার আনুপাতিক হারে দেশে প্রথম বারের মতো সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে বিজয়ীরা সংসদের আগামী অধিবেশনে যোগ দিতে পারবে বলে আশা  করা হচ্ছে।

নতুন আইন অনুযায়ী সংসদে নারীদের জন্য আসন আগামী ১০ বছর  সংরক্ষিত থাকবে।