২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ও মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলতে ক্ষমতাসীন জোট চক্রান্তে লিপ্ত: আ.লীগ

একনেকে পাশ করা পলিটেকনিক ইনস্টিটিউট গাজিপুর থেকে মুন্সীগঞ্জে স্থানান্তর, জাতির পিতা বঙ্গবন্ধু স্কুল ও কলেজের নাম পরিবর্তন এবং গাজিপুরের বিভিন্ন এলাকার জমি জবরদখলের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 06:19 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এবং মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার হীন চক্রান্তে লিপ্ত বিএনপি জামাত জোট।

আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ্ব রহমত আলী এমপি সরকারের উদ্দেশে বলেন, সিদ্ধান্ত পরিবর্তন করা না হলে হরতাল, অবরোধসহ কঠোর আন্দোলন কর্মসূচি দিয়ে জনগণের দাবি বাস্তবায়ন করা হবে। সরকারি ষড়যন্ত্র প্রতিহত করতে যা কিছু দরকার, আমরা করবো। 

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ড. মহিউদ্দিন খান আলমগীর, কেন্দ্রীয় নেতা ওবায়দুল কাদের, অধ্যাপিকা নাজমা রহমান ও মেহের আফরোজ চুমকি এবং গাজিপুর পৌর চেয়ারম্যান আ কা ম মোজাম্মেল হক ও টঙ্গি পৌর চেয়ারম্যান আজমত উল্লাহ্ খান বক্তব্য রাখেন।