বিএনপি বড় সংগঠন, এতে সমস্যা আছে, মতপার্থক্য থাকতে পারে : তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান বলেছেন, বিএনপি একটি বড় সংগঠন, এতে সমস্যা আছে, মত পার্থক্য থাকতে পারে।
তারেক রহমান দলের ঐক্যের স্বার্থে সকল মত পার্থক্য ভুলে গিয়ে জনগনের জন্য কাজ করতে দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। বুধবার বিএনপির লক্ষ্মীপুর জেলা নির্বাহী কমিটির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন।
জেলা বিএনপি সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান এমপি, শহীদউদ্দিন চৌধুরী অ্যানী এমপি, আশরাফ উদ্দিন মিজান এমপি, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ।
কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত সভায় জেলার চারটি উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারেক রহমান মঞ্চে আসন গ্রহন করার সাথে সাথে ফুলের তোড়া ও দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। এর আগে তারেক রহমান জাতীয় পতাকা উত্তোলন করে সভার উদ্বোধন করেন।
