রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী - এমপিদের বেতন বৃদ্ধিতে আ.লীগের প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি ও বিচারপতিদের বেতন ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ।
মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান এমপি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এই মুহূর্তে মন্ত্রী এমপিদের বেতন ভাতা বৃদ্ধি দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে আক্রান্ত দেশের নিরন্ন অসহায় জনগণের সাথে রসিকতার সামিল।
তারা এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
নেতৃবৃন্দ একই সাথে জোটের এমপিদের অনুকুলে বরাদ্দকৃত সাত হাজার কোটি টাকা প্রত্যাহারেরও দাবি জানান।
আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এখন সর্বকালের সকল রেকর্ড ভঙ্গ করেছে। দেশের ব্যাপক জনগোষ্ঠী আজ অনাহার অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছে। দেশের অর্থনৈতিক অবস্থা আজ চরম হুমকির সম্মুখিন।
ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, জাতির এমন এক দু:সময়ে সরকার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী - এমপি ও বিচারপতিদের বেতন ভাতা ও সুবিধাদি ৪০ থেকে ৫০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত দেশপ্রেমহীন অবিবেচক সরকারের পক্ষেই নেওয়া সম্ভব।
