২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিন্টুর মৃত্যুদণ্ড মওকুফের ফাইল জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে আওয়ামী লীগ

বিএনপি নেতা জিন্টুর মৃত্যুদণ্ডাদেশ মওকুফের ঘটনায় প্রধানমন্ত্রীর জড়িত থাকার অভিযোগ এনে রাষ্ট্রপতির কাছে এ আদেশ বাতিল এবং প্রধানমন্ত্রী, আইন মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সুপারিশসহ দণ্ড মওকুফের পুরো প্রক্রিয়ার ফাইল জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 04:07 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

আওয়ামী লীগ নেতৃবৃন্দ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রীকে ‘মার্শাল ল প্রোডাক্ট’ উল্লেখ করে তার দেওয়া বক্তব্য সম্পর্কে বলেন, সামরিক আইন যদি ‘জাঙ্গল ল’ আর সামরিক আদালত যদি ‘ক্যাঙ্গারু কোর্ট’ই হয়ে থাকে, তবে আপনারা পঞ্চম ও সপ্তম সংশোধনী বিলোপ করতে অবিলম্বে সংসদে বিল আনুন। তা পাশ করার ক্ষেত্রে আমরা সহযোগিতা করবো।

প্রধান বিরোধী দল একই সঙ্গে দণ্ড মওকুফ নিয়ে উদ্ভূত সংকট নিরসনে সুপ্রিম কোর্ট থেকে পরামর্শ নেওয়ার জন্যে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে।

রাষ্ট্রপতির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গের অভিযোগ এনে সংসদে তার ইমপিচমেন্ট করা উচিত বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করা হয়।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত এমপি সংবিধানের ৪৯ ধারার ব্যাখ্যা দিয়ে বলেন, সামরিক আইনে সাজাপ্রাপ্ত আসামির দণ্ড শুধু আদালত নয়, রাষ্ট্রপতিও মওকুফ করতে পারেন না।

ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে তথ্য গোপন ও মিথ্যা বলার অভিযোগ এনে তিনি বলেন, জিন্টু যে ফেরারি ছিলো এবং একই হত্যা মামলায় যে আরেকজন আসামির ফাঁসি হয়েছিলো, সুপারিশ পত্রে তা উল্লেখ না করে আইনমন্ত্রী শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, আইনমন্ত্রী বলছেন, ওই মামলায় দু’জনের ফাঁসি হয়েছে। আমরা গালকাটা কামাল নামে একজনের নাম জানি। তাহলে অপরজন কে, তা আইনমন্ত্রীকে বলতে হবে। এছাড়া তাকে কোন কারাগারে কখন ফাঁসি দেওয়া হয়েছে, সেটাও জানাতে হবে।

তিনি বলেন, মওদুদ সাহেব সামরিক শাসনের সব ধরনের ‘সুবিধা’ নিয়ে আজ দেশবাসীর কাছে সামরিক আইনের বিরুদ্ধে কথা বলছেন। তাহলে এখন কর্নেল তাহেরকে ফিরিয়ে দেওয়া হোক। অন্যথায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পুরো মন্ত্রিপরিষদ তার পরিবারের কাছে গিয়ে ক্ষতিপূরণ দিক। জোড়া খুন মামলার অপর আসামি, যাকে ফাঁসি দেওয়া হয়েছে তার পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়া হোক।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ বলেন, দল, নীতি ও আদর্শচ্যুত মওদুদ আহমদরা তাদের সুবিধামতো কথা বলে দেশের সত্যিকার রাজনীতিকে কলুষিত করছেন।

আওয়ামী লীগের অপর প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেন, সংবিধান সংশোধনসহ সামরিক আইনে যত অপকর্ম হয়েছে, তার সবটিতেই স্বাক্ষর রয়েছে মওদুদ আহমদের। জনগণের সংবিধানকে তিনি সামরিক সংবিধানে পরিণত করেছেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ড. মহিউদ্দিন খান আলমগীর, আব্দুল মান্নান, ওবায়দুল কাদের, মুকুল বোস, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, ইসহাক আলী খান পান্না উপস্থিত ছিলেন।