সরকার সমর্থক আইনজীবীরা বিভক্ত
আগামী ৫ আগস্টের প্রস্তাবিত মহাসমাবেশকে সামনে রেখে বিভিন্ন ইস্যুতে সরকার সমর্থক আইনজীবীরা বিভক্ত হয়ে পড়েছেন।
সোমবার সুপ্রিম কোর্টের একটি সূত্র জানায়, সরকার সমর্থক আইনজীবীদের একটি সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’ চার দলীয় জোট সমর্থক আইনজীবীদের প্রধান সংগঠন ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ’র সাথে ঐক্যবদ্ধভাবে না করে তাদের নিজস্ব ব্যানারে মহাসমাবেশ আয়োজন করতে যাচ্ছে।
সূত্র জানায়, জামায়াতে ইসলামী সমর্থক আইনজীবীসহ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের শীর্ষ নেতারা ওই মহাসমাবেশে যোগ দেবেন না।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ’র নেতাদের বাদ দিয়েই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট টিএইচ খান এবং সাধারণ সম্পাদক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক ইতোমধ্যেই ৫ আগস্ট মহাসমাবেশের তারিখ নির্ধারণ করেছেন।
বিএনপি’র আইন সচিব এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ’র সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন সোমবার বিডিনিউজকে বলেন, মহাসমাবেশের তারিখ নির্ধারণসহ এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কথা তাকে জানানো হয়নি।
তিনি বলেন, কিছুদিন আগে আমি একবার বলেছিলাম সরকার সমর্থক আইনজীবীরা মহাসমাবেশ আয়োজন করবে। কিন্তু জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ আমার সাথে আলোচনা না করেই ৫ আগস্ট মহাসমাবেশের তারিখ নির্ধারণ করে ফেলেছেন।
সূত্র আরও জানায়, সরকার সমর্থক আইনজীবী নেতৃবৃন্দের মধ্যে খুবই শক্তিশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ায় অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং তার সমর্থকরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত কর্মসূচি এড়িয়ে যাচ্ছে।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘স্থানীয় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয়ার জন্য আমি এখন বরিশালে আছি। সম্প্রতি আমি স্থানীয় রাজনীতিতে ব্যস্ত আছি। ভাল ভাবে মহাসমাবেশ আয়োজনের জন্য সেখানে নীতিনির্ধারকরা আছেন’।
তিনি বলেন, সরকার সমর্থক আইনজীবীদের মধ্যে অভ্যন্তরীণ কোনও কোন্দল নাই এবং তিনি ৫ আগস্টের মহাসমাবেশে অংশ নেবেন।
এদিকে ব্যারিস্টার ভিত্তিক আইনজীবী এবং অ্যাডভোকেট ভিত্তিক আইনজীবীদের মধ্যে বিভেদ রয়েছে বলে সূত্র জানায়।
এছাড়া সম্প্রতি সুুপ্রিম কোর্টের আইন কর্মকর্তা নিয়োগ এবং অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফের পদত্যাগ নিয়েও সরকার সমর্থক আইনজীবীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।
সূত্র মতে, গত বছর বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী সংস্থার নির্বাচনের পূর্বে অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ এমপি’র মন্তব্যের পর সমরকার দলীয় আইনজীবীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল দেখা দেয়।
বার কাউন্সিল নির্বাচনের আগের দিন মাহবুবউদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেন, দেশের ১২ হাজারেরও বেশি আইনজীবী বাংলা অথবা ইংরেজীকে সঠিক করে আবেদন লিখতে পারেন না।
ওই নির্বাচনে সরকার সমর্থক আইনজীবীদের প্যানেল পরাজিত হয় এবং এ পরাজয়ের জন্য আইনজীবীদের অন্যান্য নেতৃবৃন্দ অ্যাডভোকেট মাহবুবউদ্দিনের ‘আত্মঘাতী মন্তব্য’কে দায়ী করেন।
এমনকি যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটি বৈঠকে সরাসরি বার কাউন্সিল নির্বাচনে পরাজয়ের জন্য অ্যাডভোকেট মাহবুবউদ্দিন আহমেদকে দোষারোপ করেন।
এরপর ব্যারিস্টার নাজমুল হুদা এবং অ্যাডভোকেট মাহবুবউদ্দিন আহমেদ আইনজীবীদের সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একে অপরকে অভিযুক্ত করে বাকযুদ্ধে অবর্তীণ হন।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবউদ্দিন আহমেদ সম্প্রতি স্থায়ী কমিটি এক বৈঠকে বহুল আলোচিত ডাবল মার্ডার মামলায় মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত আসামি মহিউদ্দিন আহমেদ ঝিন্টুকে ক্ষমা করে দেওয়ার ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের ভূমিকার কথা তুলে ধরেন।
২৯ জুলাই অনুষ্ঠিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মহাসমাবেশের পাল্টা কর্মসূচি হিসেবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আগামী ৫ আগস্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে মহাসমাবেশ আয়োজন করতে যাচ্ছে।
