২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ আগস্ট সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন

জাতীয় সংসদে সংরক্ষিত ৪৫টি নারী আসনে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন আগামী ৭ আগস্ট নির্বাচনী তফসিল ঘোষণা করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

রোববার সচিবালয়ে আইন মন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বিরোধী দল আওয়ামী লীগকে এ নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, উদার গণতান্ত্রিক মন নিয়ে সরকার সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মাধ্যমে নারীর ক্ষমতায়ণের ব্যাপারে পদক্ষেপ নিয়েছে। এই প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলোর মধ্যে আনুপাতিক হারে আসন ভাগাভাগির মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, অনুপাতিক হারে ক্ষমতাসীন বিএনপি ৩০টি আসন, আওয়ামী লীগ নয়টি, জামায়াতে ইসলামী ৩টি, জাতীয় পার্টি (এরশাদ) ২টি এবং জেপি (মঞ্জু) ও বিজেপিসহ (নাজিউর) অন্যান্য দল ১টি আসন পাবে।

আইন মন্ত্রী বলেন, জোট সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়াতেই সংরক্ষিত নারী আসনে নির্বাচন হচ্ছে।

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সাংবিধানিক এ সুযোগ কাজে লাগিয়ে তাদের দলের নারী সদস্যদের নির্বাচনে অংশগ্রহণ ও সংসদে আসার সুযোগ করে দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তবে সূত্র জানায়, প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সংরক্ষিত নারী আসনের এ নির্বাচনে অংশ নেবে না।

সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সম্প্রতি সুপ্রিম কোর্টের দেয়া আদেশের পর এ উদ্যোগ নেয়া হয়।

হাইকোর্ট জাতীয় সংসদের সংরক্ষিত ৪৫টি নারী আসনে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংবিধানের ১৪তম সংশোধনী এবং নির্বাচনী আইনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা তিনটি রিট পিটিশন খারিজ করে দেয়ার পর এ ব্যাপারে সুপ্রিম কোর্টে যে লিভ টু আপিল পিটিশন দায়ের করা হয় আপিল বিভাগ গত ১৯ জুলাই তার নিষ্পত্তি করেন।

সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আর কোন আইনি বাধা নেই তা জানিয়ে সরকার ইতোমধ্যেই নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে।