২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন মন্ত্রী মওদুদের পদত্যাগের গুজব

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শনিবার দুপুরে তার কার্যালয়ে আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদকে ডেকে পাঠিয়েছেন, এমন কথা প্রচারিত হলে নগরীতে গুজব ছড়িয়ে পড়ে, আইনমন্ত্রী পদত্যাগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 10:26 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

নাম প্রকাশে অনিচ্ছুক আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দুপুরে আইন মন্ত্রী তার কার্যালয ছেড়ে যাওয়ার পর এক ঘন্টারও বেশি সময় বাইরে থাকায় এ গুজব আরও শক্ত ভিত্তি পায়।

তবে আইন মন্ত্রী নিজে সাংবাদিকদের ব্রিফিংয়ে বক্তব্য দেওয়ার পর এ গুজব থেমে আসে। মন্ত্রী বলেন, তেমন কিছুই ঘটেনি। না প্রধানমন্ত্রী আমাকে ডেকে পাঠিয়েছেন, না আমি পদত্যাগ করেছি। কোনোটিই সঠিক নয়।

বিকেল সাড়ে তিনটার দিকে তিনি সাংবাদিকদের বলেন, সকাল থেকেই আমি অফিসে ছিলাম। এমন কোনও পরিস্থিতি সৃষ্টি হয়নি যে, আমাকে পদত্যাগ করতে হবে।

তবে সূত্র জানায়, ব্যারিস্টার মওদুদ আহমদ দুপুর ১ টা ১৫ থেকে ২ টা ৩০ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিলেন।

গুজবের খবরে সংবাদ মাধ্যম অফিসগুলোতে একের পর এক ফোন আসতে থাকে। সবাই জানতে চায়, মওদুদের ভাগ্যে কী ঘটেছে? ফোন কল পেয়ে বেশ কিছু রিপোর্টার ও ফটোগ্রাফার আইন মন্ত্রণালয়ের সচিবালয়ের অফিসে যান। ব্রিফিংকালে মওদুদ বলেন, মহিউদ্দিন আহমদ ঝিন্টুর ফাঁসির আদেশ মওকুফ করতে গিয়ে সরকার এবং রাষ্ট্রপতির ভূমিকা সম্পূর্ণ বৈধ এবং একই সঙ্গে সাংবিধানিক।

মন্ত্রী বলেন, ১৯৮২ সালে সামরিক আদালতে ঝিন্টুকে ফাঁসির আদেশ দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে আপিল করার কোনও সুযোগ নেই।