সংস্কার প্রস্তাব মেনে নিন, জনগণ পছন্দ মতো সরকার গঠন করবে: বিক্ষোভ সমাবেশে আ.লীগ নেতৃবৃন্দ
আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে বিরোধী দলের প্রস্তাব মেনে নেওয়ার জন্যে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, প্রস্তাব মেনে নিন। জনগণ ভোট দিয়ে তাদের পছন্দমতো সরকার গঠন করবে।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তারা বলেন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আজ্ঞাবহ সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) এমএ আজিজের অধীনে দেশে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
নেতৃবৃন্দ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্যে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতির প্রতিবাদে আওয়ামী লীগ ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে এ সমাবেশ আয়োজন করা হয়।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ হানিফ, ওবায়দুল কাদের, মুকুল বোস, আব্দুল মান্নান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং অসীম কুমার উকিল।
জিল্লুর রহমান তার বক্তব্যে দেশের সার্বিক অবস্থার কথা তুলে ধরে বলেন, সন্ত্রাস ও দুর্নীতি দমনের কথা বলে ক্ষমতায় এসে বিএনপি-জামাত জোট দেশে সন্ত্রাস ও দুর্নীতি চালিয়ে যাচ্ছে। তাদের আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই।
দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণের নাভিঃশ্বাস উঠেছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের এ অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
