ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সংস্কার প্রস্তাব মানতে বাধ্য করা হবে: ১৪ দলের জনসভায় নেতৃবৃন্দ
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা মানুষের ভোটাধিকার ও সংসদীয় গণতন্ত্র নিশ্চিত করতে তাদের তত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবের পক্ষে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
সংস্কার ইস্যুর পক্ষে দেশব্যাপি জনমত সৃষ্টির কর্মসূচি হিসেবে শুক্রবার রাজবাড়ী, গাজীপুর ও ময়মনসিংহে পৃথক পৃথক সমাবেশে নেতারা বলেন, সরকার যদি তাদের দাবি না মানে, তবে গণ আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ময়মনসিংহের সমাবেশে বলেন, মানুষ সরকারকে সংস্কারের দাবি বুঝতে বাধ্য করবে। গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক শক্তির আন্দোলনের কাছে অবশ্যই বিএনপি জামায়াত জোট সরকারের পরাজয় হবে।
রাজবাড়ী প্রতিনিধি জানান, মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বরের সমাবেশে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশন সংস্কার করা না হলে জনগণকে সঙ্গে নিয়েই এ দাবি আদায় করা হবে।
তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমেই একটি সার্বভৌম ও জবাবদিহিমূলক সরকার গঠন করা সম্ভব। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠানের লক্ষ্যেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশন সংস্কারের দাবি জানিয়েছে।
দ্রবমূল্যের উর্ধ্বগতি সম্পর্কে আব্দুর রাজ্জাক বলেন, দ্রব্যমূল্যের দাম এতই বেড়েছে যে তা বিগত আওয়ামী লীগ আমলের চেয়ে এখন দুই তিন গুণ বেশি।
জাসদ নেতা শরীফ নুরুল আম্বিয়া বলেন, সরকার ভয় পাচ্ছে নিরপেক্ষ নির্বাচন হলে তারা হেরে যাবে। এজন্য জোট সরকার তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশন সংস্কারের বিরোধীতা করছে।
রাজবাড়ী জেলা গণফোরাম সভাপতি চিত্তরঞ্জন গুহ সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নসিম এমপি, গণফোরাম নেতা পঙ্কজ ভট্টাচার্য, ওয়ার্কার্স পার্টির নেতা বিমল বিশ্বাস, গণতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন, ন্যাপ (মোজাফফর) কেন্দ্রীয় নেতা ইসমাঈল হোসেন, জিল্লুল হাকিম, কাজী কেরামত আলী প্রমুখ।
ময়মনসিংহ টাউন হলে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মাইনুদ্দিন খান বাদল, দিলীপ বড়ুয়া, আব্দুল মান্নান, অসিম কুমার উকিল, অধ্যাপক জহিরুল ইসলাম, আজিজুল ইসলাম খান প্রমুখ।
গাজীপুরে স্থানীয় পৌরসভার চেয়ারম্যান আকম মোজাম্মেল হকের সভাপতিত্বে ষ্টেশন রোডে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সৈয়দ জাফর সাজ্জাদ, নুরুল ইসলাম, মফিজুল ইসলাম খান কামাল, আনিসুর রহমান মল্লিক বক্তব্য রাখেন।
