২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করতে সরকারকে সংস্কার প্রস্তাব মানতে বাধ্য করা হবে: ১৪ দলের সমাবেশে নেতৃবৃন্দ

আওয়ামী লীগসহ ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের সমন্বিত রূপরেখা মানতে সরকারকে বাধ্য করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 09:33 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

১৪ দলের ৩১ দফা প্রস্তাবনা দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিয়ে এর পক্ষে ব্যাপক জনমত গড়ার জন্যে তারা বৃহস্পতিবার বিভিন্ন জনসভায় নেতা কর্মীদের প্রতি আহবান জানান।

বিকেলে নারায়নগঞ্জের আলি আহমেদ চুনকা পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত ১৪ দলের সমাবেশে সভাপতিত্ব করেন এসএম আকরাম।

এতে বক্তব্য রাখেন-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, জাসদের কার্যকরী সভাপতি মইনুদ্দীন খান বাদল, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জহিরুল ইসলাম, গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল ইসলাম খান, সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ন্যাপের প্রেসিডিয়াম সদস্য আমিনা আহমেদ, আওয়ামী লীগ নেতা অসিম কুমার উকিল, এসএম কামাল হোসেন ছাড়াও ১৪ দলের নারায়নগঞ্জ জেলা নেতৃবৃন্দ।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, সংস্কারের পক্ষে দেশব্যাপী জনমত গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ১৪ দলের জনসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন।

বক্তব্য রাখেন-আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা, গণফোরামের কেন্দ্রীয় নেতা মফিজুল ইসলাম খান কামাল, গণতান্ত্রিক পার্টির নুরুল ইসলাম, সাম্যবাদি দলের অসিত বরণ রায় ও ন্যাপ নেতা শফিকুর রহমান।

বক্তারা সংস্কারের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করে রাজপথের আন্দোলন শক্তিশালি করার জন্যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতি আহ্বান জানান।

মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের সমন্বিত রূপরেখা বাস্তবায়নের দাবিতে শহরের বালুর মাঠে বিকেলে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন-আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আবদুর রাজ্জাক এমপি, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মো. নাসিম, গণ ফোরামের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, জাসদের প্রেসিডিয়াম সদস্য শরীফ নুরুল আম্বিয়া প্রমুখ।