২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদ ও বাবরের পদত্যাগ করা উচিত: বিশেষ সাক্ষাৎকারে সাবেক আইনমন্ত্রী

সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু বুধবার বলেছেন, ডাবল মার্ডার ঘটনায় সামরিক আদালত কর্তৃক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি মহিউদ্দিন আহমেদ জিন্টুকে রাজনৈতিক বিবেচনায় ক্ষমা ঘোষণার পর দেশের আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন খুন ও অপরাধীদের মদদকারী প্রতিষ্ঠানে পরিনত হযেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 10:21 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

বিডিনিউজের সাথে এক বিশেষ সাক্ষাৎকারে মতিন খসরু বলেন, জিন্টুকে গ্রেফতার ও শাস্তি বাস্তবায়ন না করে বরং তাকে দ্রুত গতিতে ক্ষমা করে দিয়ে সরকার অপরাধী এবং খুনিদের উৎসাহিত করেছে। এবং এর মধ্য দিয়ে দেশে আইনের শাসন বিনষ্ট হয়েছে।

সাজাপ্রাপ্ত জিন্টু তার কাঁধে মৃত্যুদণ্ডাদেশ নিয়ে সকারের পূর্ণ জ্ঞাতসারে দেশে এসেছিলো। বিমানবন্দরে তো নয়ই দেশে কয়েক সপ্তাহকাটানোর সময়েও তাকে সরকার গ্রেফতার করেনি। অথচ এই সরকার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্দোষ অ্যাডভোকেট ইনায়েতুর রহিমকে গ্রেফতার করার জন্যে পুলিশি রেইড চালিয়েছে। তার দোষ তিনি সত্য প্রকাশ করেছিলেন।

সাবেক আইন মন্ত্রী বলেন, সরকার সামগ্রিক ভাবেই রাষ্ট্রক্ষমতার এই অবব্যবহারের জন্য দায়ী। একজন রাজনৈতিক খুনিকে এভাবে এত দ্রুততার সাথে ক্ষমা করে দেয়ার দৃষ্টান্ত এটাই প্রমান করে যে সরকার এখন অপরাধী ও সাজাপ্রাপ্তদের দলে পরিণত হযেছে।

মতিন খসরু বলেন, রাষ্ট্র ক্ষমতার অপব্যবহারের সকল দায় দায়িত্ব স্বীকার করে আইন মন্ত্রী মওদুদ আহমদ এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের অবিলম্বে পদত্যাগ করা উচিত।