‘নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে নতুন করে রাজনৈতিক সংঘাতময় পরিবেশ সৃষ্টি হতে পারে’
আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে ২০০৬ সালের শেষের ও ২০০৭ সালের প্রথম দিকে বাংলাদেশে নতুন করে রাজনৈতিক সংঘাতময় পরিবেশ সৃষ্টি হতে পারে। আন্তর্জাতিক একটি শীর্ষস্থানীয় গবেষণা পত্রিকা এ আশঙ্কার কথা জানিয়েছে।
লন্ডনভিত্তিক নিউজ ম্যাগাজিন ইকোনোমিস্ট এর একটি শাখা দ্য ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) বাংলাদেশ সম্পর্কিত একটি প্রতিবেদনে বলেছে, এসময়ে দেশের রাজনীতি অনেকটাই নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকবে এবং সেই সঙ্গে থাকবে বিরোধী দলগুলোর জোরদার আন্দোলন।
আরো বেশি হরতাল বিক্ষোভ কর্মসূচি থাকবে যা ব্যবসা বাণিজ্য ও অন্যান্য অর্থনৈতিক কার্যক্রম ব্যহত করবে।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশন নিয়ে আওয়ামী লীগের সংস্কারের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, নির্বাচন পরিচালনার বিষয়টি ইতোমধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে।
ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট তার প্রতিবেদনে আরো বলে, প্রচারাভিযানে আওয়ামী লীগ ‘ধর্মের ব্যবহার নিষিদ্ধ’ করার যে প্রচেষ্টা নিয়েছে তাতে বিরোধী দলগুলো থেকে খুব কমই সাড়া পাওয়া গেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ছোট ছোট দলগুলোর সাথে ঐকমত্যে পৌঁছাতে আওয়ামী লীগের বেগ পেতে হবে।
রিপোর্টে জেনারেল এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি সম্পর্কে বলা হয় যে, এ দলটিই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলটি ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে যে, তারা নির্বাচনে সবচেয়ে ক্ষমতাধর দলটির পক্ষে অবস্থান নেবে।
আওয়ামী লীগ ও ছোট দলগুলোর মধ্যে আলোচনার সফলতা নির্ভর করছে নির্বাচনে আওয়ামী লীগ বিরোধী জোটের অন্যান্য দলগুলোকে কতগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেবে এবং বিজয়ী হলে অন্য দলগুলোর সাথে ক্ষমতার ভাগাভাগি কিভাবে হবে তার ওপর।
আসন্ন নির্বাচনের ফলাফল অনিশ্চিত। তবে বাংলাদেশী ভোটারদের চিরাচরিত সরকার বিরোধী মনোভাব বিরোধী দলকে সুবিধাজনক অবস্থানেই রাখছে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়।
এতে আরো বলা হয়, সাম্প্রতিক অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনে এককভাবে এগিয়ে যেতে পারছে না। এবারের নির্বাচনেও তার পুনরাবৃত্তি ঘটতে পারে। বর্তমান জোট সরকারের শরিক প্রধান দু’টি ইসলামী দল ইসলামী ঐক্য জোট ও জামায়েত ইসলামী আগামী নির্বাচনে তাদের আসন বাড়াতে পারে বলেও প্রতিবেদনে মন্তব্য করা হয়। উল্লেখ্য, ২০০১ সালের নির্বাচনে এ দু’টি দল জোট প্রার্থী হিসেবে ২০টি আসনে জয়ী হয়।
