২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় কৃষক দলের সম্মেলনে সংঘর্ষ, পাঁচ সাংবাদিকসহ আহত শতাধিক

চুয়াডাঙ্গায় মঙ্গলবার দলীয় প্রতিপক্ষের হামলায় জেলা কৃষক দলের সম্মেলন পণ্ড হয়ে গেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 10:21 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

পুলিশ ও কোবরা বাহিনীর উপস্থিতিতে সকাল সোয়া দশটা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে এ হামলা ও পাল্টা হামলার ঘটনা চলে।

এ ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। পুলিশ ও কোবরা সদস্যরা জনকণ্ঠ অফিসে হামলা চালায় এবং কর্তব্যরত সাংবাদিকদের উপর হামলা চালালে স্থানীয় পত্রিকার দুই সম্পাদকসহ পাঁচ সাংবাদিক আহত হয়েছেন।

সরকার দলীয় দুটি গ্রুপের ক্যাডারদের সশস্ত্র মহড়ার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক বেলা ১২ টায় সম্মেলন কেন্দ্র শ্রীমন্ত টাউন হলের দুইশ’ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে। এ অবস্থায় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু তার বাসভবনের পাশে উপস্থিত দলীয় নেতাকর্মীদের দলের নতুন নেতৃত্বের নাম ঘোষণার মাধ্যমে সম্মেলনের ইতি টানেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূবনির্ধারিত কর্মসূচি অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলনে অংশ নিতে দশটার দিকে দলীয় প্রতিনিধিরা সম্মেলন চত্বরে জমায়েত হতে থাকে। কৃষক দলের চুয়াডাঙ্গা পৌর শাখার আহ্বায়ক হাবিবুর রহমান মঙ্গলের নেতৃত্বে দেড় শতাধিক যুবক সম্মেলন কেন্দ্রে প্রবেশ করতে চাইলে প্রতিপক্ষ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুজ্জামান বুলা ও প্রচার সম্পাদক খন্দকার আ. জব্বার তাকে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের নেতাদের মধ্যে বাকযুদ্ধ শুরু হয় এবং এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।