২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসসিবিএ মওদুদের পদত্যাগ দাবি করেছে

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মওদুদ আহমদের পদত্যাগ দাবি করেছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 09:58 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

একটি জোড়া খুনের মামলায় ফাঁসির আসামি মহিউদ্দিন আহমেদ ঝিন্টুর শাস্তি মওকুফের ব্যাপারে মওদুদের দায়িত্বে ব্যর্থতার প্রশ্ন তুলে তারা এ দাবি জানায়।

এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম বিডিনিউজকে বলেন, ঝিন্টুর শাস্তি মওকুফের ব্যাপারে তার মন্ত্রণালয় প্রয়োজনীয় কাগজপত্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত খতিয়ে দেখেনি।

তিনি বলেন, সর্বোচ্চ শাস্তির ব্যাপারে আইন মন্ত্রণালয়ের এ অসতর্কতা আইনের প্রতি মারাত্মক অসম্মান। এর চাইতে লজ্জার আর কিছু হতে পারে না। এ মুহূর্তে ব্যারিস্টার মওদুদের পদত্যাগ করা উচিত।

তিনি আরও বলেন, বার অ্যাসোসিয়েশনে মওদুদের সদস্য পদ বাতিল হওয়ায় তিনি আইনবিদদের ওপর চাপ প্রয়োগ করতে এসসিবিএ সম্পাদকের বিরুদ্ধে মামলা করেছেন।

তিনি বলেন, এসসিবিএ আইনের মাধ্যমেই এ মামলায় লড়বে।

এসসিবিএ সম্পাদক অ্যাডভোকেট এনায়েতুর রহিম বিডিনিউজকে বলেন, ব্যারিস্টার মওদুদ ঝিন্টু বিতর্কে নিজের দায় এড়ানোর লক্ষ্যেই তার (এনায়েতুর রহিম) বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

তিনি বলেন, একজন নাগরিক হিসেবে ব্যারিস্টার মওদুদ আমার বিরুদ্ধে মামলা করতেই পারেন। একজন ফাঁসির আসামির শাস্তি মওকুফ করে দেওয়ার সিদ্ধান্তে আমি আইন মন্ত্রীর ভূমিকার প্রতিবাদ করেছি। কিন্তু তিনি এই ইস্যু থেকে জনগণের দৃষ্টি ফেরানোর জন্যে আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

তিনি আরও বলেন, আমি এসসিবিএ’র সহায়তায় আইনের মাধ্যমেই আইন মন্ত্রীর দায়ের করা মামলা লড়ব। এমনকি ঝিন্টু ইস্যুতে আইন মন্ত্রীর ভূমিকার বিরুদ্ধে ২৯ জুলাই আইনজীবীদের মিছিল অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, তিনি বিভিন্ন তথ্য প্রমাণ খতিয়ে দেখেছেন, মওদুদ সুইডেনে ঝিন্টুর অতিথি হয়েছিলেন।