২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. কামালের ঐক্যমঞ্চে আর নেই কাদের সিদ্দিকী, গণফোরামের সতর্ক প্রতিক্রিয়া

ড. কামাল হোসেন অসুস্থ রাজনীতির ধারক ও বাহকদের সাথে যোগ দেওয়ায় জাতীয় ঐক্যমঞ্চের ওপর থেকে তার সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

তিনি বিরোধী দল আওয়ামী লীগ ও সরকারি দল বিএনপিকে অসুস্থ রাজনীতির ধারক ও বাহক হিসেবে উল্লেখ করেন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

বিরোধী দলের সংস্কার প্রস্তাবের বিষয়ে তার দলের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় দলের সাধারণ সম্পাদক ফজলুর রহমান ও আনোয়ার হোসেন পাহাড়ীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

কাদের সিদ্দিকী বলেন, ড. কামাল হোসেন তার ঐক্য প্রক্রিয়া ও ঐক্যমঞ্চের লক্ষ্য থেকে দূরে সরে গেছেন। তিনি দেশের সুস্থ রাজনীতির ধারক ও বাহকদের নিয়ে একটি ঐক্যের প্রক্রিয়া করেছিলেন। ওই কারণেই তার সাথে যোগ দিয়েছিলাম। কিন্তু তিনি তার অবস্থান থেকে সরে গেছেন। তাই ঐক্যমঞ্চ থেকে আমার দলের সমর্থন প্রত্যাহার করে নিচ্ছি।

তিনি বলেন, ঐক্যমঞ্চের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করলেও গণফোরাম বা বিকল্প ধারার সাথে তার কোনো মতবিরোধ নেই। তবে তাদের সংস্কার প্রস্তাবের সাথে তার দলের কোনো সমর্থন নেই।

কৃষক শ্রমিক জনতা লীগ নেতা বিরোধী দলের সংস্কার প্রস্তাবের সম্পর্কে পরিপূর্ণ মতামত না দিয়ে শুধু তত্ত্বাবধায়ক সরকার প্রধানের হাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ারও বিরোধিতা করেন।

এদিকে কাদের সিদ্দিকীর সংবাদ সম্মেলনের পর বিকেলে গণফোরাম, ঢাকা মহানগরী কমিটি বর্ধিত সভায় এ ব্যাপারে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে।

সভায় কারও নাম উল্লেখ না করে বলা হয়, কে আসলো, কে গেলো, সেটা বড় ব্যাপার নয়, আমরা চাই ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য।