স্বাধীন ও পৃথক বিচার ব্যবস্থার দাবিতে অচিরেই আইনজীবীরা বৃহত্তর আন্দোলনে যাবে: ড. কামাল
বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, স্বাধীন ও পৃথক বিচার ব্যবস্থার দাবিতে অচিরেই দেশের আইনজীবীরা বৃহত্তর আন্দোলনে যাবে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে মঙ্গলবার অনুষ্ঠিত ‘দেশে বিরাজমান পরিস্থিতি: আইনজীবীদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
চট্টগ্রাম জেলা আইনজীবী সংসদের আহ্বায়ক অ্যাডভোকেট সালেহউদ্দিন হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় ড. কামাল হোসেন আরও বলেন, প্রায় এক বছর আগে তিনিসহ অনেক আইনজীবী বিচার বিভাগকে পৃথক ও স্বাধীন করতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত তারা সেই চিঠির জবাব পাননি।
তিনি আরও বলেন, ২৮ জুলাই ঢাকায় অনুষ্ঠেয় আইনজীবীদের মহাসম্মেলনের আগে যদি জবাব না দেওয়া হয়, তবে মহাসম্মেলন থেকেই স্বাধীন ও পৃথক বিচার বিভাগের দাবিতে আইনজীবীরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।
পরে বিকেলে ড. কামাল হোসেন নগরীর মুসলিম হলে গণফোরামের চট্টগ্রাম জেলা কমিটির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সম্মেলনে চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে ড. কামাল হোসেন বলেন, মেয়রের নেতৃত্বে চট্টগ্রাম বন্দর অবিলম্বে সার্ক পোর্ট হিসেবে পরিচিতি পাবে।
