কংগ্রেস সদস্য টম ট্যানক্রেডোর মন্তব্য যুক্তরাষ্ট্রের নীতির প্রতিফলন নয়: দূতাবাস
যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য টম ট্যানক্রেডোর মন্তব্য দেশটির নীতির প্রতিফলন নয় বলে উল্লেখ করে ঢাকায় মার্কিন দূতাবাস মঙ্গলবার তা প্রত্যাহার করে নিয়েছে।
এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র ধর্মীয় স্বাধীনতা ও সহিষ্ণুতার একটি সুরক্ষিত ভূমিতে পরিণত হবার প্রয়াস চালাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকেই যতটা সম্ভব ন্যায়সঙ্গত ও বহুমতভিত্তিক একটি সমাজ গড়ে তোলার জন্য নিরলস সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, কলোর্যাডো থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য টম ট্যানক্রেডো গত সপ্তাহে ফ্লোরিডায় যে মন্তব্য করেন তা আমেরিকান আদর্শের পরিপন্থী। তার মন্তব্য আমেরিকান সরকার ও জনগণের কাছে আপত্তিকর এবং তা কোনভাবেই আমেরিকান নীতিকে প্রতিফলিত করেনা।
এতে বলা হয়, আমরা মক্কা বা অন্য কোন বেসামরিক বা ধর্মীয় স্থানকে কারো লক্ষবস্তুতে পরিণত করার এ বক্তব্য দ্ব্যর্থহীন ভাষায় প্রত্যাখ্যান করছি। আমরা মনে করি উপাসনা ও তীর্থযাত্রার সবচেয়ে বাঞ্ছিত স্থানগুলো সংঘাতের ক্ষেত্র হওয়া উচিত নয়। এ বক্তব্য মক্কা, জেরুজালেম বা রোমের ক্ষেত্রে প্রযোজ্য। খ্রীস্টান গির্জা, ইহুদীদের সিনাগগ বা মুসলমানদের মসজিদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণ ইসলামসহ বিশ্বের মহান ধর্মগুলোকে সম্মান ও শ্রদ্ধা করে। সন্ত্রাসের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালিত হচ্ছে তা তাদের বিরুদ্ধে যারা হিংসাত্মক কর্মকান্ডে লিপ্ত, যা ইসলাম ও অন্যান্য ধর্মমতের শিক্ষার পরিপন্থী। প্রেসিডেন্ট যেমন প্রায়ই বলেছেন, আমাদের লড়াই সন্ত্রাসীদের বিরুদ্ধে, কোন জাতি বা ধর্মের বিরুদ্ধে নয়। বাংলাদেশের জনগণ ও নেতৃবৃন্দের সংগে মিলে আমরা সারা বিশ্বে স্বাধীনতা ও সহিষ্ণুতা প্রসারে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।
মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যান টম ট্যানক্রেডো মুসলমানদের পবিত্র তীর্থস্থান মক্কা ও মদিনায় বোমা হামলার পরামর্শ প্রদানের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খান এর আগে বিডিনিউজকে বলেন, সাম্প্রতিক রেডিও সংলাপে ফ্লোরিডার এই কংগ্রেসম্যান মক্কা ও মদিনায় বোমা হামলার কথা বলে চরম দায়িত্বহীনতা ও অসহিষ্ণুতার পরিচয় দিয়ছেন।
বিষয়টিতে মন্তব্য জানতে চাওয়া হলে মোর্শেদ খান বলেন, যুক্তরাষ্ট্রের মতো একটি গণতান্ত্রিক দেশের জনপ্রতিনিধির এমন মন্তব্য করা মোটেই উচিত নয়। তার এ মন্তব্য কেবল মুসলিম উম্মাকেই ক্ষুব্ধ করেনি, গোটা বিশ্বের সকল ধর্মীয় বিশ্বাসের শান্তিপ্রিয় মানুষের মধ্যেও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
