২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি’র সংলাপ আ.লীগের প্রত্যাখ্যান : ‘এখতিয়ার বহির্ভূত এ ঘটনা সাদেক আলী মার্কা নির্বাচনের ব্লুপ্রিন্টের অংশ’

ভোটার তালিকা তৈরির ‘অজুহাতে’ নাম সর্বস্ব ১১৪ টি রাজনৈতিক দলকে নিয়ে বৈঠকের জন্য চিঠি দেওয়ার কোনো এখতিয়ার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেই বলে মন্তব্য করেছে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

দলীয় নেতৃবৃন্দের মতে, সরকারের স্বার্থ রক্ষা এবং নিয়োগের বৈধতার স্বীকৃতি আদায়ের ‘বদ মতলবে’ একতরফা ভাবে নিযুক্ত সিইসি বিচারপতি এমএ আজিজ দেশে আরেকটি ‘সাদেক আলী মার্কা নির্বাচনের’ ব্লুপ্রিন্টের অংশ হিসেবে রাজনৈতিক দলের সাথে সংলাপের নামে এমন প্রহসন করছেন।

মঙ্গলবার আওয়ামী লীগ কার্য নির্বাহী সংসদের (ওয়ার্কিং কমিটি) এক জরুরি সভায় সিইসি’র এ সংলাপ অনুষ্ঠান প্রত্যাখ্যান করে বলা হয়, এখতিয়ার বহির্ভূত এমন কর্মকাণ্ডের ব্যাপারে প্রধান বিরোধী দলের কোনো আগ্রহ নেই। এছাড়া, আওয়ামী লীগ সিইসি হিসেবে তার নিযুক্ত হওয়ার বিষয়টিই প্রত্যাখ্যান করেছে। তার অধীনে দেশে কোনো নিরপেক্ষ নির্বাচন হবে না বলে মনে করে আওয়ামী লীগ।

সভায় বলা হয়, ভোটার তালিকা প্রণয়ন একটি চলমান প্রক্রিয়া। নির্বাচন কমিশনের এটি একটি রুটিন ওয়ার্ক। তাই এ অজুহাতে বৈঠকের কোনো প্রয়োজনীয়তাও নেই। এটি করে জোট সরকার বিরোধী দলগুলো উত্থাপিত সংস্কার কার্যক্রমকে বিঘ্নিত করতে চাইছে।

সভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সিইসি’র সাম্প্রতিক মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেছেন, দলীয়ভাবে নিয়োগকৃত বিচারপতি এমএ আজিজ যে একটি দলের প্রতি ঝোাঁকা এবং নিরপেক্ষ নন, তা ওই ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের মাধ্যমে তিনি জাতিকে বুঝিয়ে দিয়েছেন।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান এমপি।

হত্যা মামলার আসামি বিএনপি কর্মী মহিউদ্দিন জিন্টুর মৃত্যুদণ্ডাদেশ রাষ্ট্রপতি মওকুফ করে দেওয়ার ঘটনায় সভায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। সভার এক প্রস্তাবে বলা হয়, এটা করে রাষ্ট্রপতি সুষ্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন ও রাষ্ট্রপতি হিসেবে তার শপথ ভঙ্গ করেছেন। এ ঘটনা প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা। আওয়ামী লীগ এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেছে।

সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ওবায়দুল কাদের সভার সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।

তিনি বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতির প্রতিবাদে আওয়ামী লীগ আগামী ৩০ জুলাই ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে।