২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পীকার আইন করে সাংবাদিকদের কলম বন্ধ করতে চাচ্ছেন : বেগম মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, সংসদে আইন করে স্পীকার সাংবাদিকদের কলম বন্ধ করতে চেয়েছেন। কিন্তু আমরা সেটা করতে চাইনা। আওয়ামী লীগ চায় সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করুক।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 08:10 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

সোমবার বিকালে আওয়ামী লীগ দেবীগঞ্জ উপজেলা কমিটি আয়োজিত স্থানীয় দেবদারু তলায় এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেবীগঞ্জে জনসভার আগে পঞ্চগড়ে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড়ে কর্মীসভাকে কেন্দ্র করে সেখানে বিবাদমান দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাদস্তি হয়।

জনসভায় মতিয়া চৌধুরী আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশনের সংস্কার ছাড়া দেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংস্কার ছাড়া আওয়ামী লীগও নির্বাচনে অংশ নেবে না। তিনি বলেন, দেশে সন্ত্রাস, নৈরাজ্য, খুন, ধর্ষণ, টেন্ডারবাজিসহ র‌্যাব, চিতা, কোবরা নামের নানা বাহিনী নামিয়ে জোট সরকার মানুষ খুনের যে তান্ডব চালাচ্ছে, তা থেকে বাংলার মানুষ মুক্তি পেতে চায়।

দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, মোঃ গিয়াস চৌধুরী, আমিরুল ইসলাম, আরিফুল ইসলাম পল্লব, গোলাম রহমান সুইডেন, আসাদুজ্জামান আসাদ প্রমূখ।

এর আগে বেলা ১২ টায় আওয়ামী লীগের পঞ্চগড় জেলা অফিস চত্বরে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় বেগম মতিয়া চৌধুরী ও ডা. মোঃ মোস্তফা জালাল মহিউদ্দিন বক্তব্য রাখেন। জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যদের মধ্যে আ, লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক মজাহারুল হক প্রধান, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, ছাত্রলীগের শেখ কামরুজ্জামান মিলন, যুবলীগের শহীদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের অ্যাডভোকেট সুলতানে আলম, কৃষক লীগের আমিরুল ইসলাম, মহিলা লীগের রিজিয়া বেগম প্রমূখ বক্তব্য রাখেন।

এদিকে, পঞ্চগড়ের কর্মীসভার মাঝখানে ২/১ জন নেতার আক্রমনাত্বক বক্তব্যসহ অনেককে বক্তব্যের জন্যে ফ্লোর না দিলে সভায় হট্টগোল শুরু হয়। স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে সেখানকার পরিস্থিতি শান্ত হয়। এরপর মতিয়া চৌধুরীর বক্তব্য চলার সময় সভাস্থলের বাইরে চৌরঙ্গী মোড়ে আবারও কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধস্তা-ধস্তি শুরু হয়। এ সময় পুলিশ এসে দুই ছাত্রলীগ নেতাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়ার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করে এবং পুলিশের বিরুদ্ধে শ্লোগান দেয়। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা এ সময় সড়ক অবরোধ করে যানবাহন আটকানোর চেষ্টা করে। পরে, পুলিশ ও আ. লীগ নেতারা এসে তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে।