২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় একই স্থানে বিএনপি ও জামায়াতের সভা আহ্বান, ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার শহীদ মিনার চত্বরে বিএনপি ও জোট সরকারের অন্যতম শরিক জামায়াতে ইসলামী মঙ্গলবার একই সময়ে পাল্টাপাল্টি জনসভা আহ্বান করেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 04:49 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

সম্ভাব্য গোলযোগ এড়াতে জেলা প্রশাসন সোম ও মঙ্গলবার পলাশবাড়িতে মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করেছে।

উপজেলা বিএনপি-জামায়াতের পরস্পর-বিরোধী মিছিল-মিটিংকে কেন্দ্র করে ১৩ জুন উভয় পক্ষের সংঘর্ষ ঘটে। সংঘর্ষকালে বিএনপি ক্যাডারদের বেধড়ক পিটুনিতে পলাশবাড়ির সাবেক সেনাসদস্য আজাদুল হকের পুত্র শিবির কর্মী রেজবুল হক প্লাবন গুরুতর আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জুন সে মারা যায়।

রেজবুলের মৃত্যুর ঘটনায় পলাশবাড়ি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং যুবদলের সভাপতিসহ সাতজন নেতাকর্মীকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার আসামি বিএনপির নেতা-কর্মীরা সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসে পলাশবাড়িতে উপজেলা বিএনপি’র উদ্যোগে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার বিকেল ৩টায় সভা আহ্বান করে।

এদিকে, পলাশবাড়ি থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে শিবির কর্মী প্লাবন হত্যার আসামি বিএনপি’র নেতা-কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একই স্থান ও সময়ে সভা আহ্বান করে।

উভয় পক্ষের সমর্থকরা সভার সর্মথনে পাল্টাপাল্টি মিছিলও শুরু করে। এতে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।