সাংগঠনিক সফরে তারেক জিয়া চাঁদপুর আসছেন
দেশব্যাপী সাংগঠনিক সফরের অংশ হিসেবে ২৫ জুলাই সোমবার বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক জিয়া চাঁদপুর আসছেন।
রোববার ২৪ জুলাই রাতে তিনি চট্টগ্রাম থেকে চাঁদপুর এসে রাত্রি যাপন করবেন। সোমবার সকালে স্থানীয় পৌর পাঠাগারে জেলা বিএনপি’র নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট কমিটির দ্বিতীয় সভায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, তারেক জিয়া চাঁদপুর আসার পর এ সভায় যোগ দেওয়ার আগে স্থানীয় সাংসদের পাশাপাশি ২০ জন নেতার সাথে বৈঠক করবেন। এসময় দলের ভেতর সৃষ্ট কোন্দল নিরসনসহ ভবিষ্যতের জন্যে দিক নির্দেশনা দেবেন।
এদিকে, দলের মধ্যে কোন্দলে জড়িত নেতা-কর্মীদের বিরুদ্ধে কেউ কেউ তারেক জিয়ার কাছে অভিযোগ উপস্থাপন করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন। জেলা বিএনপি’র সভাপতি এস এ সুলতান এমপি জানান, এটি তারেক জিয়ার সাংগঠনিক সফর। দলীয় কোন্দল যা ছিল, সেটি ঢাকায় নিরসন হয়ে গেছে।
