২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্ক সৃষ্টি করে এমন কাজ থেকে বিরত থাকুন: দলীয় নেতা-কর্মীদের প্রতি তারেক রহমান

বিতর্ক সৃষ্টি করে, এমন কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত রাখতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 04:45 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

তিনি রোববার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অংগ সংগঠনসমূহের নির্বাহী কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে উত্তর জেলা বিএনপির সভাপতি এবং ওমানে নিযুক্ত রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীন, বিএনপি কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় সম্পাদক মোহাম্মদ শাহজাহান এমপি প্রমুখ।

সভায় তারেক রহমান আরও বলেন, বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্যরা এলাকার উন্নয়ন ও সরকারের গৃহিত কর্মসূচীসমূহ বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। কর্মীদের সার্বিক সহায়তা ছাড়া সংসদ সদস্যদের পক্ষে এ দায়িত্ব পালন করা কঠিন। তিনি নিজ নিজ এলাকার সংসদ সদস্যদের সাথে একযোগে কাজ করার জন্যে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

চার দলীয় জোট সরকারের গৃহিত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে তিনি বলেন, দেশের মানুষ বিএনপিকে ভালবেসে ক্ষমতায় বসিয়েছে। বিএনপি দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে। বিভিন্ন ক্ষেত্রে বিএনপির সাফল্য মানুষের কাছে তুলে ধরতে হবে।

রোববার সকালে তারেক রহমানের বক্তব্যের পর উত্তর জেলা বিএনপি এবং অংগ সংগঠনের ১২২ জন নেতা রুদ্ধদ্বার বৈঠকে বসেন।

বৈঠক সূত্র জানিয়েছে, অধিকাংশ নেতা উত্তর জেলা বিএনপির দুই নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারের মধ্যে দ্বন্দ্ব এবং মন্ত্রী এমপিদের সঙ্গে কর্মীদের দূরত্বের বিষয়ে তারেক রহমানকে অবহিত করেছেন।