তত্ত্বাবধায়ক সরকার সংস্কার ছাড়া কোন নির্বাচন মেনে নেয়া হবে না : জলিল
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার সংস্কার ছাড়া দেশে কোনও নির্বাচন গ্রহণ করা হবে না।
নওগাঁ জেলার রাণীনগর থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শুক্রবার তিনি একথা বলেন।
তিনি বলেন, সরকারের হস্তক্ষেপ ছাড়া অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের প্রস্তাব দিয়েছে।
আব্দুল জলিল বলেন, এ ব্যাপারে আলোচনার জন্য আমরা সংসদের বাইরে যেকোনও স্থানে বসতে প্রস্তুত। সংসদে বসতে চাচ্ছি না এ কারণে যে ক্ষমতাসীন জোটের এক তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় সেখানে এ ব্যাপারে আলোচনা করাই বৃথা।
রাণীনগর থানা আওয়ামী লীগ সভাপতি মাজেদ আলী মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক বক্তব্য রাখেন রাখেন।
